
সেন্ট্রাল পার্কে নারীকে পিটিয়ে হত্যা, হত্যার অভিযোগে গ্রেপ্তার ৩৬ বছরের যুবক
ম্যানহাটনের সেন্ট্রাল পার্কে ৬৩ বছর বয়সী এক নারীকে মৃত অবস্থায় উদ্ধারের পর হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৩৬ বছর বয়সী জোনাথন রোবলেসকে। পুলিশের দাবি, কাঠের লাঠি দিয়ে মাথায় আঘাতের ফলেই ওই নারীর মৃত্যু হয়েছে।
হোসনেআরা চৌধুরী :
রোববার সকালে সেন্ট্রাল পার্কের East Drive ও East 74th Street এলাকায় অচেতন অবস্থায় ওই নারীকে দেখতে পেয়ে ৯১১-এ ফোন করা হয়। সকাল ৯টা ৪৩ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে মাথায় গুরুতর আঘাতসহ পড়ে থাকতে দেখে। পরে EMS ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করে। পরিবারের সদস্যদের অবহিত না করা পর্যন্ত তার পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই নারী সেন্ট্রাল পার্ক এলাকাতেই বসবাস করতেন বলে ধারণা করা হচ্ছে। তদন্তকারীরা মনে করছেন, কাঠের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছিল।
রোববার রাতেই জোনাথন রোবলেসকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা এবং অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, রোবলেস ম্যানহাটনের একটি হোমলেস শেল্টার—Barbour Hotel-এর বাসিন্দা। গ্রেপ্তারের পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার বিরুদ্ধে আদালতে হাজিরার প্রস্তুতি চলছিল।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, কয়েক বছর পর সেন্ট্রাল পার্কে এটি প্রথম হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে।



