
যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের ‘রহস্যজনক’ মৃত্যু নিয়ে যা জানা যাচ্ছে
যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। ৬৬ বছর বয়সে তার আকস্মিক প্রয়াণের খবর প্রকাশ্যে আনলেও প্রথমে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি মস্কো।
পরে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দীর্ঘদিনের অসুস্থতার কথা জানানো হয়।
তবে কী রোগে ভুগছিলেন তিনি, কিংবা মৃত্যুর আগে তার শারীরিক অবস্থা কেমন ছিল, সে বিষয়ে স্পষ্ট করা হয়নি কিছুই। এমন এক সময়ে দারচিয়েভের মৃত্যু হলো, যখন ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া চলছিল।
দারচিয়েভের এমন একজন অভিজ্ঞ কূটনীতিক, যিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকাবিষয়ক কূটনৈতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষায়, তিনি ছিলেন দক্ষ প্রশাসক এবং রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিষয়ে বিশেষজ্ঞ এক অভিজ্ঞ কূটনীতিক।
২০২৫ সালের মার্চে যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের দায়িত্ব নেন দারচিয়েভ। তার নিয়োগের সময়টি ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর মস্কো ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক যোগাযোগ পুনরুজ্জীবিত করার উদ্যোগ শুরু হয়।
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক দীর্ঘদিন ধরে সংঘাতপূর্ণ থাকলেও নতুন করে আলোচনার পথ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দারচিয়েভ।
এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইস্তানবুলে অনুষ্ঠিত রাশিয়া-যুক্তরাষ্ট্র আলোচনায় রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তিনি। ইউক্রেন যুদ্ধ এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ওই বৈঠককে দুই দেশের কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হয়েছিল।
প্রায় তিন দশকেরও বেশি সময়ের কূটনৈতিক অভিজ্ঞতা ছিল দারচিয়েভের। ১৯৯২ সালে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন তিনি।
১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রে রুশ দূতাবাসে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাসে মিনিস্টার কাউন্সেলর পদে কাজ করেন। এরপর মন্ত্রণালয়ের উত্তর আমেরিকাবিষয়ক বিভাগে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব সামলেছেন দারচিয়েভ। তার ওই মেয়াদে ক্রিমিয়া ইস্যু এবং ইউক্রেনকে ঘিরে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর বিরোধের প্রভাব পড়ে মস্কো-অটোয়া সম্পর্কেও। পরে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে দারচিয়েভের অবস্থান ছিল মস্কোর সরকারি নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছিলেন। একই সঙ্গে পশ্চিমা দেশগুলোর নীতি ও অবস্থানের সমালোচনাও করেছেন একাধিকবার।
তার মৃত্যুর সময় আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক, ইউক্রেন যুদ্ধ এবং মস্কোর ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা নিয়ে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের সঙ্গে রাশিয়ার যোগাযোগ অব্যাহত রাখা এবং দ্বিপক্ষীয় আলোচনার ক্ষেত্র সচল রাখার ক্ষেত্রে দারচিয়েভের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ফলে তার অনুপস্থিতিতে ওয়াশিংটনে রাশিয়ার কূটনৈতিক প্রতিনিধিত্ব কে সামলাবেন এবং চলমান আলোচনায় এর কী প্রভাব পড়বে, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এদিকে দারচিয়েভের মৃত্যুতে তার পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে তার শেষকৃত্যের তারিখ ও স্থান সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।



