
দ্য গার্ডিয়ানের রিপোর্ট: ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক
বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথা বিবেচনা করছেন বৃটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বাংলাদেশে বিচারপ্রক্রিয়া শুরুর পর বৃটেন সরকারের মন্ত্রিত্ব ছাড়তে হয়েছিল বলে দাবি করেছেন তিনি।
বৃটেনের হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের এই সংসদ সদস্যের খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের আগস্টে ছাত্র আন্দোলনের মুখে হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান।
শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার অনুপস্থিতিতে বিচার হয়েছে।
সেইসাথে, বাংলাদেশের কর্তৃপক্ষের অভিযোগ ছিল, শেখ হাসিনার সরকারের কাছ থেকে সুবিধা নিয়েছেন টিউলিপ।
গত বছরের ডিসেম্বরে দুর্নীতির মামলায় টিউলিপকে দুই বছরের কারাদণ্ড দেন বাংলাদেশের একটি আদালত। একই মামলায় তার অনুপস্থিতিতে আরও ১৬ জনের বিচার হয়।
অভিযোগে বলা হয়, ঢাকার উপকণ্ঠে পরিবারের জন্য একটি প্লট বরাদ্দ পেতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেছিলেন তিনি। তবে লন্ডনে বসবাসরত টিউলিপ এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার পক্ষে সাজা ভোগ করার সম্ভাবনাও নেই।
২০২৫ সালের গ্রীষ্মে দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে টিউলিপ তার বিরুদ্ধে আনা অভিযোগকে ‘সম্পূর্ণ অযৌক্তিক’ বলে অভিহিত করেন। তিনি দাবি করেন, শেখ হাসিনা ও বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের বিরোধের মধ্যে তিনি ‘পার্শ্বক্ষতিকর শিকার’ হয়েছেন।
গুটো হ্যারি ও ডেভিড ডেভিসের উপস্থাপনায় নতুন পডকাস্ট ‘পলিটিকস আনলিশড’-এ দেয়া সাক্ষাৎকারে টিউলিপ বলেন, তিনি ‘বিদ্বেষমূলক বিচারপ্রক্রিয়ার’ শিকার হয়েছেন।
একজন অভিজ্ঞ আইনজীবী তাকে জানিয়েছেন, ইউনূসের বিরুদ্ধে মামলা করার মতো আইনি ভিত্তি রয়েছে। এ বিষয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন এবং আইনি পদক্ষেপের বিষয়টি বিবেচনা করছেন তিনি।
এ বিষয়ে মন্তব্য জানতে ইউনূসের ঘনিষ্ঠ দুই সহযোগীর মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
টিউলিপের দাবি, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ আনা হয়েছে, তা জানতে বারবার চেষ্টা করেও বাংলাদেশের সরকারের কাছ থেকে কোনো জবাব পাননি তার আইনজীবীরা। লন্ডনের ডরচেস্টার হোটেলে অবস্থানকালে ইউনূসকে হাতে লেখা চিঠিও পাঠিয়েছিলেন তিনি। সরাসরি সাক্ষাতের জন্য একাধিকবার চেষ্টা করলেও ইউনূস রাজি হননি বলে জানান টিউলিপ।
তিনি বলেন, অভিযোগ ও বিচারপ্রক্রিয়া নিয়ে মানসিক চাপে ছিলেন না। কারণ, নিজের নির্দোষিতা সম্পর্কে নিশ্চিত ছিলেন। তবে পুরো ঘটনাটি তাকে বিস্মিত করেছে।
বিচারের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে টিউলিপ একে ‘কাফকাস্ক দুঃস্বপ্ন’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘কী কারণে আমাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না।
সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের একটি সতর্কবার্তা দেখে প্রথম জানতে পারি, আমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
এদিকে, এই বিতর্কের সময় সাবেক বৃটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে সমর্থন পাওয়ার কথাও জানিয়েছেন টিউলিপ।
নিরাপত্তা হুমকি পাওয়ার পর যুক্তরাষ্ট্রে ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সফরে থাকা অবস্থায় স্টারমার তাকে বার্তা পাঠিয়েছিলেন বলে জানান তিনি।
তবে টিউলিপকে নিয়ে স্টারমারকে বারবার প্রশ্নের মুখে পড়তে দেখে শেষ পর্যন্ত মন্ত্রিত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।
টিউলিপ বলেন, ‘কিয়ারকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পৌঁছানোর রাজনৈতিক প্রচেষ্টার অংশ ছিলাম আমি। শুরু থেকেই তাকে সমর্থন দিয়েছি। অথচ শেষ পর্যন্ত আমিই তার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিলাম।’
স্টারমারের ক্ষমতাচ্যুতি তার জন্য ‘খুবই বেদনাদায়ক’ ছিল বলে জানান টিউলিপ। তবে তার উত্তরসূরি অ্যান্ডি বার্নহ্যামের প্রশংসা করে বলেন, লেবার পার্টি আবারও সরকার গঠন করুক, সেটিই তার প্রত্যাশা।
বার্নহ্যাম সেই লক্ষ্য পূরণ করতে পারলে নিজের ব্যক্তিগত দুঃখ ভুলে দল ও সরকারের সাফল্যের দিকেই মনোযোগ দিতে চান তিনি।



