
ছ’বছরে ২৫৯ জন, সেলফি হিড়িকে বাড়ছে মৃতের সংখ্যা
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্কঃ ‘সেলফি ফিভারে’ ভুগছে বিশ্ববাসী ৷ মনের মত একটা জায়গা খুঁজে পেলেই হল ৷ জীবনের ঝুঁকি নিয়ে চলছে সেলফি তোলা ৷ কিন্তু সেই সেলফি নিয়েই প্রকাশ্যে এল এক ভয়ঙ্কর তথ্য ৷ সেলফি তুলতে গিয়ে মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ গবেষকেরা জানাচ্ছেন, ২০১১ থেকে ২০১৭ সাল অবধি সেলফির জেরে মৃত্যু হয়েছে প্রায় ২৫৯ জনের ৷
সেলফি তুলে নিজেকে যাতে একেবারে অনন্য করে তোলা যায়, সেই কারণেই চলছে রীতিমত ‘সেলফি তোলার প্রতিযোগিতা’ ৷ যার জেরে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ছে একের পর এক তরতাজা প্রাণ ৷ যার জন্য গবেষকদের মত, বিভিন্ন জায়গায় গড়ে তোলা হোক ‘নো সেলফি জোন’ ৷ ঝর্ণা, পাহাড় এবং কোনও উঁচু বিল্ডিংয়ের উপরে ‘নো সেলফি জোন’ ঘোষণা করা উচিত ৷
ইতিমধ্যেই ভারতের বেশ কিছু পর্যটন স্থান ‘নো সেলফি জোন’ মার্ক করা হয়েছে ৷ বেশিরভাগ ক্ষেত্রে জলে ডুবে কিংবা উঁচু বিল্ডিং থেকে পড়েই মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ গবেষকেরা জানাচ্ছেন, সেলফি তোলার জেরে বেশিরভাগ ক্ষেত্রেই মৃত্যু হয়ে ২০-২৯ বছরের যুবক যুবতীদের ৷ এছাড়া ১০ থেকে ১৯ বছরের মধ্যেও সেলফি তোলার জেরে মৃত্যুর ঘটনা ঘটেছে ৷



