বিনোদন

বছরে চারটি ছবি বানাবে স্টার সিনেপ্লেক্স

রূপসী বাংলা বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। কিন্তু কেন? এর পেছনে আসল কারণ কী? ভালো গল্পের সিনেমার অভাব, দক্ষ অভিনয় শিল্পীর অভাব, নির্মাতার অভাব নাকি প্রযোজকের অভাব? বিভিন্নজন বিভিন্ন উত্তর দেবে এই ক্ষেত্রে। তবে সামগ্রিকভাবে বলতে গেলে ঢালিউডের ধ্বংসপ্রায় অবস্থার জন্য সবগুলো বিষয়ই দায়ী।

এমনই সময়ে আশার বাণী শোনালেন দেশের অন্যতম প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুবুর রহমান। জানালেন, নিয়মিত ছবি প্রযোজনা করবেন তারা। প্রতিষ্ঠানটির ব্যানারে বছরে চারটি ছবি নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন এই সফল হল মালিক।

সোমবার (৮ অক্টোবর) স্টার সিনেপ্লেক্সের ১৪ বছর পূর্তি উদযাপন করা হয়। জমকালো এই আয়োজনেই মাহবুবুর রহমান বলেন, প্রতিবছর কমপক্ষে চারটি সিনেমা প্রযোজনা করতে চাই। এই ছবিগুলো নির্মিত হবে আমাদের নিজস্ব দেশ ও সংস্কৃতির গল্পে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে চট্টগ্রামের কিছু অংশের গল্প, নারীর ক্ষমতায়ন, মাদক এসব গল্প নিয়েই ছবি নির্মাণ হবে। তবে কোন ছবিটি দিয়ে এই যাত্রা শুরু হতে যাচ্ছে, সেটা এখনই বলতে চাই না। মহরতের মাধ্যমে ঘোষণা দিতে চাই।

এদিকে বসুন্ধরা সিটি শপিং মলের গণ্ডি পেরিয়ে সিনেমা হলের ব্যবসা দেশের বিভিন্ন স্থানে নিয়ে যেতে চান মাহবুবুর রহমান। এরইমধ্যে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় সিনেপ্লেক্স নির্মাণের কাজ হাতে নিয়েছেন তিনি। ধানমন্ডি, মহাখালী, উত্তরা ও পূর্বাচল সিটিতে নতুন চারটি সিনেপ্লেক্স নির্মাণ হবে বলেও জানান মাহবুবুর রহমান।

ধানমন্ডির সীমান্ত স্কয়ারের পাশে সীমান্ত সম্ভারে এরইমধ্যে তিনটি মাল্টিপ্লেক্স নির্মাণের কাজ শেষ হয়ে গেছে। শিগিগিরই আনুষ্ঠানিকভাবে সেটার উদ্বোধন হবে। অত্যাধুনিক সব প্রযুক্তি যুক্ত করা হয়েছে এই মাল্টিপ্লেক্সগুলোতে। যাতে দর্শকরা সিনেমা দেখার সময়টা ভালোভাবে উপভোগ করতে পারে। এছাড়া মহাখালীতেও সিনেপ্লেক্স নির্মাণের জন্য প্রাথমিক কাজ শুরু হয়েছে বলে জানান স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension