
“সুভাষ ঘাই যৌন হেনস্তাকারী হলেও আমি ওঁর সঙ্গে কাজ করব”
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: তনুশ্রী দত্তের হাত ধরেই বলিউডে শুরু হয়ে গিয়েছে #MeToo মুভমেন্ট৷ #MeToo-র জেরে যৌন হেনস্তায় অভিযুক্তের তালিকায় নাম উঠে এসেছে সুভাষ ঘাইয়ের৷ বহু অভিনেত্রী, ক্রিউ মেম্বার তাঁর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন যে তিনি তাঁর ফিল্মে অভিনয় করার সুযোগ দেওয়ার বদলে কমপ্রোমাইজ করতে বলেন৷ যদিও সুভাষ ঘাই, প্রতিটি অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন৷ বলিউড কোনও সেলেব্রিটি পরিচালকের বিরুদ্ধে কিংবা সমর্থনে না বললেও শত্রুঘ্ন সিনহা জানিয়েছেন যে তিনি সম্পূর্ণভাবে সুভাষ ঘাইকে সমর্থন করেন৷
ভবিষ্যতেও তিনি তাঁর সঙ্গে কাজ করবেন৷ “আমি #MeToo মুভমেন্টকে সমর্থন করি৷ আমার ৪০ বছরের কেরিয়ারে আমি কখনও কোনো মহিলাকে অসম্মান করিনি বা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করিনি৷ প্রত্যেক মহিলাকে আমি সমানভাবে সম্মান করেছি৷ কিন্তু আমার মনে হয়, এই ক্যাম্পেনটার অপব্যবহার হওয়া শুরু হয়ে গিয়েছে৷ যে কেউ এসে একজনকে বদনাম করে দিয়ে চলে যাচ্ছে৷ কতজনের চাকরি চলে গিয়েছে কেবলমাত্র মিডিয়া ট্র্যায়ালের উপর নির্ভর করে৷ যে সকল মহিলারা নির্যাতিত হয়েছে তাঁদের সকলকে আমার অনুরোধ, আইনের সাহায্য নিন৷”
তিনি শত্রুঘ্ন সিনহার সঙ্গে আগেও কাজ করেছেন৷ আর এখনও করতে চান৷ কারণ হিসেবে তিনি জানিয়েছেন, “সঞ্জয় দত্ত যদি জেল খেটে আবারও ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারে তাহলে সুভাষ কেন নয়৷ যেখানে সঞ্জয়ের দোষ প্রমাণ হয়েছিল, আদালত সবরকম আইনি ঝক্কিও নিয়ে যদি সে বলিউডে সাধারণ ভাবে কাজ করতে পারে তাহলে বাকিরা কেন পারবে না৷ এই ধরণের ভণ্ডামি আমি বুঝে উঠতে পারি না৷ বড়ো বড়ো তারকারা যৌন হেনস্তায় উঠে আসা নাম গুলো শুনেই কাজ না করার সিদ্ধান্ত নিচ্ছেন৷ এদিকে সঞ্জয়ের সঙ্গে কাজ করতে তাঁদের কোনও অসুবিধা হয় না৷”
প্রসঙ্গত, অভিনেত্রী কেট শর্মার দাবি,ঠিক দেড় মাস আগে ৬ অগাস্ট নিজের বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন সুভাষ৷ সেইখানে ছয় ব্যক্তি উপস্থিত ছিলেন৷ সকলের সামনে মাসাজ দিতে বলেন তিনি৷ কেট বাধ্য হয়ে কিছুক্ষণ মাসাজ দিয়ে বাথরুমে হাত ধুতে চলে যায়৷ সেখান থেকে সুভাষ তাঁকে অন্য বেডরুমে নিয়ে গিয়ে জোরজবরদস্তি করতে থাকে৷ যা পর কেট সেখান থেকে বেরিয়ে আসতে চেষ্টা করলে তাঁকে আটকে রেখে সুভাষ বলতে থাকেন যে কেট তাঁর সঙ্গে রাত না কাটালে তিনি কেটকে লঞ্চ করবেন না৷



