
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরের নাগরিক ঐক্যে যোগদান উপলক্ষে আজ মঙ্গলবার নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘আমরা চা খাওয়ানোর দাবি করেছিলাম, তিনি ডিনার করাবেন। আমাদের কপাল খুলে গেছে। দেশবাসীর কপালও খুলে গেছে।’
গেল রোববার জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সংলাপ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিঠি দেয়া হয়। ওই চিঠির উত্তরে মঙ্গলবার প্রধানমন্ত্রী ঐক্যফ্রন্টকে চিঠি দিয়েছেন। সেখানে আগামী বৃহস্পতিবার আলোচনায় বসার সময় দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী যে সময় দিয়েছেন সেখানে যাবেন কি না জানতে চাইলে জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বলেন, বেলা তিনটায় মিটিং। তখন ঠিক হবে কে যাবে না যাবে। যদি যাই তবে সাত দফা নিয়ে আলাপ করব।
তিনি বলেন, দেশবাসী পরিবর্তন চাইছে। দেশবাসী এই অনাচার আর চায় না। হাজার হাজার মানুষ গায়েবি মামলায় হয়রানির শিকার হচ্ছে। এটা প্রমাণ করে, এখানে ইসলামাবাদের শাসন কায়েম হয়েছে।
রাজধানীর তোপখানা সড়কের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনে এর আয়োজন হয়। অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন।



