প্রধান খবরবাংলাদেশ

বাংলাদেশ শিপিং কর্পোরেশনে যুক্ত হচ্ছে ৪টি জাহাজ

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)-এ আগামী ফেব্রুয়ারি মাসে যুক্ত হচ্ছে আরও ৪টি নতুন জাহাজ। এমভি বাংলার অর্জন, এমটি বাংলার অগ্রযাত্রা, এমটি বাংলার অগ্রদূত, এমটি বাংলার অগ্রগতি নামের ৪টি জাহাজের নির্মাণ কাজ চলছে।

চীন সরকারের অর্থায়নে ৬টি নতুন জাহাজ নির্মিত হচ্ছে। এর মধ্যে ‘বাংলার জয়যাত্রা’ এবং ‘বাংলার সমৃদ্ধি’ নামের দুটি জাহাজ বিএসসির বহরে যুক্ত হয়েছে। নতুন এই দুটি জাহাজসহ বিএসসির বহরে এখন ৪টি জাহাজ রয়েছে।

গত ২৪ নভেম্বর বিএসসির বার্ষিক সাধারণ সভায় এসব তথ্য জানান নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। ওই সভায় তিনি জানান, নতুন ৬টি জাহাজ ছাড়াও আরও ৬টি জাহাজ শিগগিরই সংযোজনের কার্যক্রম চলছে। নৌমন্ত্রী আরও বলেন, জ্বালানী সঙ্কট নিরসনে কক্সবাজারের মাতারবাড়ীতে ভাসমান এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল নির্মাণের কাজ এগিয়ে চলছে।  কয়লা, এলএনজি এবং বিপিসির পরিশোধিত, অপরিশোধিত জ্বালানি তেল পরিবহন ছাড়াও রাষ্ট্রীয় প্রয়োজনে বিভিন্ন সাইজ ও ধরনের আরও জাহাজ ক্রয়ের পরিকল্পনা নিয়েছে সরকার।

‘বাংলার জয়যাত্রা’

বিএসসিতে নতুন ৬টি জাহাজ যুক্ত হওয়াকে স্বাগত জানিয়ে চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা বলেন, ‘দেশে ক্রমবর্ধমান হারে শিল্প কারখানা বাড়ছে। দেশের সর্ববৃহৎ মিরসরাই অর্থনৈতিক জোনের কাজও চলমান। ফলে আমদানি-রপ্তানি বাণিজ্যে বাংলাদেশ নবদিগন্তের সূচনা করতে যাচ্ছে। এই বাস্তবতায় বিএসসিতে নতুন জাহাজের সংখ্যা বাড়ানোর কোনও বিকল্প নেই।’

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর ইয়াহিয়া সৈয়দ বলেন, সরকারের ভিশন ২০২১ এবং ভিশন ২০৪১ বাস্তবায়নের অংশ হিসেবে বিএসসির বহরে যুক্ত হচ্ছে ৬ টি জাহাজ। পর্যায়ক্রমে আরও ২৫টি জাহাজ যুক্ত করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, বিএসসির বহরে যত জাহাজ সংযুক্ত হবে দেশ অর্থনৈতিকভাবে তত সমৃদ্ধ হবে। মেরিন একাডেমির ক্যাডেটদের চাকরির সুযোগ তৈরি হবে। এর ফলে বিএসসি ব্লু -ইকোনোমিতে অবদান রাখতে পারবে। রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমা হবে। বিএসসির গৌরবোজ্জ্বল দিন ফিরে আসবে।

আন্তর্জাতিক সমুদ্র পরিবহনে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) ১৯৭২ সালের ৫ ফেব্রুয়ারি থেকে পথচলা শুরু করে। এরপর থেকে একের পর এক জাহাজ যুক্ত হতে থাকে বিএসসির বহরে। সর্বশেষ ১৯৯১ সালে বিএসসির বহরে ছিল ৩৮টি জাহাজ। এরপর আবার কমতে থাকে জাহাজের সংখ্যা। আন্তর্জাতিক সমুদ্র পথে বিশ্বের অন্যান্য দেশ যেখানে এগিয়ে গেছে অনেক দূর, সেখানে বিএসসিতে দেখা দেয় অস্তিত্ব সঙ্কট।

২০১২-১৩ অর্থবছরে বিএসসির বহরে জাহাজের সংখ্যা নেমে দাঁড়ায় ১৩টিতে। ২০১৩-১৪ অর্থবছরে অলাভজনক আরও ৫টি জাহাজ বিক্রি করা হলে জাহাজ সংখ্যা কমে দাঁড়ায় ৮টিতে। সর্বশেষ চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত বিএসসির বহরে ‘বাংলার সৌরভ’ এবং ‘বাংলার জ্যোতি’ নামে দুটি জাহাজ ছিল।

তবে নতুন জাহাজ সংযোজনের মাধ্যমে সব সঙ্কট কাটিয়ে বিএসসি আবারো ঘুরে দাঁড়াতে শুরু করেছে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension