
হেনস্থা মামলায় মিকা নির্দোষ, দাবি করলেন ভাই দালের মেহেন্দি
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: বিগ বাজেট শো করতে দুবাইতে গিয়েছিলেন মিকা৷ দুবাইতে গিয়ে ব্রাজিলিয়ান নাবালিকাকে হেনস্থা করার অভিযোগে পুলিশি হেফাজতে এই বলিউড সিঙ্গার৷ ১৭ বছর বয়সী মেয়েটির অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় অশালীন ছবি পাঠিয়েছিলেন মিকা৷ তাঁকে প্রথমে জেল থেকে ছাড়া হলেও আদালতের নির্দেশ অনুযায়ী আপাতত জেলেই থাকবেন সঙ্গীতশিল্পী৷

মিকার বিরুদ্ধে হেনস্থার মামলা নিয়ে তাঁর ভাই দালের মেহেন্দি জানিয়েছেন যে তিনি তাঁর ভাইয়ের পাশে রয়েছে৷ তাঁর বিশ্বাস মিকা এমন কোনও কাজই করেননি৷ এছাড়াও নাবালিকার সম্বন্ধে বেশ কিছু তথ্যও দিয়েছেন তিনি৷ তাঁর দাবি, মেয়েটি মিকার সঙ্গে দীর্ঘ ৩-৪ বছর ধরে কাজ করেছেন৷
তিনি আরো জানান, “মিকার সঙ্গে আমার কথা হয়নি কিন্তু ঘটনাটা পুরো শুনেছি৷ যে মেয়েটি ওর বিরুদ্ধে অভিযোগ এনেছে সে নিজেই মিকার সঙ্গে কাজ করে আর মেয়েটির মা সবসময়ে ওর সঙ্গেই থাকে৷ আমার মনে হয় না আদৌ এরকম কিছুই হয়েছে৷ বুঝতে পারছি না মেয়েটি হঠাৎ করে এই অভিযোগ কেন আনল৷”

অন্যদিকে মেয়েটির দাবি করেছে, বলিউডে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মিকা৷ সেই সুবাদে মিকার সঙ্গে কাজ করত সে৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যোগাযোগ ছিল মিকা এবং মেয়েটির৷ সেখানে দিন কতক আগে মিকা তাঁকে অশ্লীল ছবি পাঠান৷



