প্রধান খবরবাংলাদেশরাজনীতি

নির্বাচনে জামায়াতে ইসলামির কোনও প্রার্থী নেই!

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামির কোনও প্রার্থী নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, তারা বিএনপির মনোনীত প্রার্থী। বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন তারা। বিএনপির প্রতীক ধানের শীষ তাদের দেওয়া হয়েছে। জামাত তাদের মনোনীত করে নি। বিএনপি মনোনীত করেছে।

নির্বাচন ভবনে আদালত কর্তৃক সাময়িক স্থগিত হওয়ার বিএনপির প্রার্থীদের  আসনে নির্বাচন স্থগিত অথবা প্রার্থিতা পরিবর্তনের সুযোগ চেয়ে আজ ২২ ডিসেম্বর শনিবার দুপুরে সিইসির কাছে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়ার পর গণমাধ্যমের কাছে তিনি এ কথা বলেন। এ সময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালি, বিজনকান্তি  সরকার, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিএনপি থেকে মনোনয়ন পাওয়া জামাতের নেতাদের পদ-পদবি তাদের দলীয় ওয়েবসাইটে উল্লেখ আছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন বলেন, ওয়েব সাইটে পদ-পদবি থাকুক। আপনারাও যদি আমাদের কাছে মনোনয়ন চান, আমরা দিতে পারি। কোন্‌ ওয়েবসাইটে আপনার নাম কীভাবে  আছে, সেটা পরের ব্যাপার। আমরা আইনের মাধ্যমে দিতে পারি কিনা সেটা হল  বিষয়। জামাত কোনও নিবন্ধিত দল নয়। কারা কারা জামাত করে সেই তালিকাও  আমাদের কাছে নাই। আমরা যাদের মনোনয়ন দিয়েছি, তারা আমাদের দলের  প্রতীক ধানের শীষ পেয়েছে। এটা যদি অবৈধ হত তাহলে নির্বাচন কমিশন আগেই বলত, তাদের প্রার্থিতা অবৈধ। তাদের যদি প্রতীক দেয়া বেআইনি হত, যখন প্রতীক বরাদ্দ করা হয় তখন নির্বাচন কমিশন কেন প্রতীক বরাদ্দ করল।

আওয়ামী লীগ সব সময় বলে নির্বাচন কমিশন যা করে তাই আমরা মেনে নেব, বাধা সৃষ্টি করব না। এখন কেন আওয়ামী লীগ ইসির কাজে পদে পদে বাধা সৃষ্টি করছে? তিনি বলেন, এখন পর্যন্ত আদালত ১২/১৪ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছেন। এই সংখ্যা দিন দিন বাড়ছে। এসব আসনের নির্বাচন স্থগিত রেখে আবার নির্বাচনের দাবি করছি অথবা এসব আসনে আমাদের প্রার্থী পরিবর্তনের সুযোগ দেওয়া হোক। নির্বাচন কমিশন প্রার্থিতা বৈধতা দেয়ার কারণেই তাদের আমরা মনোনীত করেছি। কমিশন যদি ওই সময় অবৈধ ঘোষণা করতো তাহলে আমরা অন্য প্রার্থী দিতাম।

সারাদেশে বিএনপির নেতা-কর্মীদের ওপর হয়রানি, হামলা, ধর-পাকড়, মামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, একদিকে পরিকল্পিতভাবে আদালত কর্তৃক প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হচ্ছে, অন্যদিকে বৈধ প্রার্থীদের হয়রানি করা হচ্ছে। নজরুল ইসলাম আরও বলেন, বরিশাল-৪ আসনের বিএনপির প্রার্থী শিরিন আক্তারকে গতকাল মারধর করে পা ভেঙে দেওয়া হয়েছে। বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ শনিবার পুলিশ সেখানে অভিযান চালায়। শিরিনকে দেখতে যাওয়া ৮-১০ নেতা-কর্মীকে পুলিশ আটক করে নিয়ে গেছে।

নরসিংদীর মনোহরদির আসনের বিএনপি প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুলের নির্বাচন প্রচারণার আজ দুপুরে হামলা চালিয়েছে আওয়ামী লীগ। এতে অর্ধশত নেতাকর্মী আহত হন। পুলিশি উপস্থিতিতে সেখানে হামলা হলেও হামলাকারীদের গ্রেফতার না করে বরং বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়েছে। নরসিংদী-৩ আসনের মনজুর এলাহীর মিছিলেও হামলা করেছে আওয়ামী লীগ।

তিনি আরও বলেন, বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর স্ত্রী লুনা নির্বাচন করার আগে চাকরি ছেড়ে দিলেও তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে। কিন্তু একই নির্বাচনী এলাকায় একজন সরকারি কলেজের অধ্যক্ষ পদত্যাগ না করা সত্ত্বেও মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী অভিনেতা ফারুক (আকরব হোসেন পাঠান) ঋণ খেলাপি হলেও তার প্রার্থিতা বাতিল করা হয় নি। নজরুল বলেন, গণতন্ত্র আমাদের মহান মুক্তিযুদ্ধের অর্জিত অধিকার। আর গণতন্ত্রের বাহন হল নির্বাচন। সেই নির্বাচন যদি এভাবে প্রহসনে পরিণত হয়, হাস্যকর করা হয়। তাহলে এর দায়-দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনকে বহন করতে হবে। তিনি বলেন,  ইসি অসীম ক্ষমতার অধিকারী। কিন্তু তারা কেন সেই ক্ষমতা প্রয়োগ করছে না, নিশ্চয় জনগণ সেটা জানতে চাইবে। আমরা সরকার ও নির্বাচন কমিশনকে অনুরোধ করছি আমাদের নির্বাচনী প্রচারণা চালাতে দেওয়া হোক।

বিদেশি পর্যবেক্ষকদের সম্পর্কে নজরুল ইসলাম বলেন, সরকার তাদের বাংলাদেশে আসতে বাধা দিচ্ছে। তাদের ভিসা না দিলে তারা কীভাবে আসবেন। কারণ সরকার নির্বাচনের নামে যে কাজটি করতে চাচ্ছে সেটি হল চুরি-চামারি। আর সে কাজে বাধা হতে পারেন বিদেশি পর্যবেক্ষকরা। এ কারণে তারা বিদেশি পর্যবেক্ষকদের আসতে দিতে চাচ্ছে না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension