
বনি স্ত্রীকে বাথরুমে দেখতে পান বিকেল সাড়ে পাঁচটায়?
রূপসী বাংলা ডেস্ক:বলিউডের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবীর মৃত্যু ঘিরে ফের ঘনীভূত রহস্য। সোমবারই ময়নাতদন্তের রিপোর্টের দাবি করা হয়, অভিনেত্রীর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি। বেসামাল হয়ে গিয়ে বাথটবে পড়ে জলে ডুবে মৃত্যু হয়েছে শ্রীদেবীর।
এবার সেই মৃত্যুর সময়কে কেন্দ্র করেই তৈরি হয়েছে নতুন প্রশ্ন। সংবাদমাধ্যম সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, শনিবার রাত ১০টা বেজে ১ মিনিটে মৃত্যু হয় অভিনেত্রীর। দুবাইয়ের স্থানীয় সময় অনুসারে বিকেল সাড়ে ৫টা নাগাদ বনি কপূর শ্রীদেবীকে হোটেলের বাথটবে সংজ্ঞাহীন অবস্থায় দেখতে পান। এক বন্ধু ও হোটেল কর্মীদের ডাকেন বনি।
এরপর শ্রীদেবীকে বাথটব থেকে তুলে সংজ্ঞা ফেরানোর চেষ্টা করা হয়। শেষপর্যন্ত রাত ৯টা নাগাদ জানানো হয় পুলিশকে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, রাত ১০টা ১ মিনিটে মৃত্যু হয়েছে শ্রীদেবীর। মৃত্যু এবং পুলিশে খবর দেওয়ার মধ্যে কেন একঘণ্টার ব্যবধান, তা নিয়ে উঠছে প্রশ্ন। কোনও চিকিত্সককে ডাকা হয়েছিল কিনা, সে সম্পর্কে নিশ্চয়তা মেলেনি। খবর সংবাদমাধ্যম সূত্রে।



