
সরকারি প্রস্রাবখানায় স্থান গান্ধীজির, টাইলসে স্থান পেল অশোক চক্রও
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: সরকারি প্রস্রাবখানা জুড়ে রয়েছেন মহাত্মা গান্ধী। তার পাশেই একটু কাকুতি-মিনতি করে জায়গা করে নিয়েছে অশোক চক্রও। উত্তরপ্রদেশের বুলন্দশহরের সরকারি প্রস্রাবখানায় দেখা গিয়েছে এমনই চিত্র। গান্ধীজী ও অশোক চক্র ছাপ টাইলসের এই ছবি থেকে ভিডিও ইতিমধ্যেই হু হু করে ভাইরাল হয়ে চলেছে নেট দুনিয়ায়।
উত্তর প্রদেশের বুলন্দশহরের দিবাই তেহশিলের ইচ্ছাবারি গ্রাম। এই গ্রামে স্বচ্ছ ভারত অভিযানের আওতায় তৈরি হয়েছে ৫০৮ টি প্রস্রাবখানা। এগুলির মধ্যে অন্তত ১৩ টি প্রস্রাবখানায় পাওয়া গিয়েছে গান্ধীজী ও অশোক চক্র ছাপ টাইলস। যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। জানা গিয়েছে, এই কাজে গ্রাম প্রশাসনকে বাধাও দিয়েছিলেন ইচ্ছাবারিবাসী। তাই ক্ষোভ ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যেও।
খোদ যোগী রাজ্যেই গান্ধীজী ও অশোক চক্র ছাপ টাইলস দিয়ে বানানো সরকারি প্রস্রাবখানা। বর্তমানে যাদের চেহারা দেখলে ওই প্রস্রাবখানাগুলি ব্যবহার করার ইচ্ছেই জাগবে না কারোরই। অত্যাধিক পরিমাণে নোংরা-অপরিস্কার প্রস্রাবখানাগুলি। দেখলে মনে হবে দীর্ঘদিন ধরেই পরিস্কার হয় না। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে এই প্রস্রাবখানাগুলির ছবি থেকে ভিডিও। গ্রামের এক বাসিন্দা বলেছেন, “গ্রাম প্রধানের নির্দেশেই এই টাইলসগুলি বসানো হয়েছিল! আমরা অভিযোগ জানাতে গেলে আমাদের বলা হয় আমরা যেন এই বিষয়ে নাক না গলাই। কারণ এটি গ্রামের উচ্চ কর্তৃপক্ষের ব্যপার।”
জানা গিয়েছে, প্রস্রাবখানাগুলিতে এক সপ্তাহ আগেই লাগান হয়েছে টাইলসগুলি। ঘটনায় মামালা রুজু করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। জেলার পঞ্চায়েতি রাজ আধিকারিক অমরজিত সিং বলেন, বিষয়টি জানাজানি হতেই প্রশাসন নজর দিয়েছে। একটি জাতীয় সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, এই ঘটনায় গ্রাম উন্নয়ন আধিকারিক সন্তোষ কুমারকে সাসপেন্ড করা হয়েছে। গ্রাম প্রধান সাবিত্রী দেবীর হাতেও নোটিস ধরানো হয়েছে। গ্রাম প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৮ সালেও এই ধরণেরই একটি ঘটনায় মধ্যপ্রদেশে চাঞ্চল্য ছড়িয়েছিল। তখন অবশ্য মধ্যপ্রদেশে ছিল বিজেপির শাসনভার। প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিভিন্ন বাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ছবি দেওয়া টাইলস বসানো হয়েছিল। কিন্তু বিষয়টি নজরে আসতেই দ্রুত মধ্যপ্রদেশ উচ্চ আদালত ওই টাইলসগুলি খুলে ফেলার হুকুম জারি করে।
মহাত্মা গান্ধীর চশমাকেই স্বচ্ছ ভারত অভিযানের লোগো হিসেবে ব্যবহার করা হয়। সেই গান্ধীজীর ছবিই ব্যবহার করা হল প্রস্রাবখানার দেওয়ালে। নির্দেশ দিলেন গ্রামের প্রধান!



