প্রধান খবরভারত

মোদীকে খুন করার ছক তৈরি পাক স্পেশাল স্কোয়াডের : রিপোর্ট

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ভারতের কোনও বিশেষ জায়গা বা কাশ্মীর নয়৷ এবার পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর হামলা চালানো৷ সেই লক্ষ্যে একটি স্পেশাল স্কোয়াড তৈরি করা হয়েছে৷ এদের প্রশিক্ষণ দিচ্ছে জইশ ই মহম্মদের মত পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন৷ সঙ্গে হাত মিলিয়েছে আইএসআই৷ টাইমস অফ ইণ্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে এমনই তথ্য মিলেছে৷

তবে শুধু প্রধানমন্ত্রী মোদী নন, এই স্কোয়াডের হামলার তালিকায় রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল৷ ভারতীয় গোয়েন্দাদের অনুমান কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের ক্ষেত্রে এই তিনজনই সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন, তাই তালিকার শুরুতেই রয়েছেন এঁরা৷

সূত্রের খবর, এক বিদেশি গোয়েন্দা সংস্থা জইশের অন্যতম নেতা শামসের ওয়ানি ও তার সদস্যদের মধ্যে চলা রুদ্ধদ্বার বৈঠকের কিছু তথ্য হাতে পেয়েছে৷ যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুন করার পরিকল্পনা সংক্রান্ত তথ্যও রয়েছে৷ পাশাপাশি ওই সংস্থার হাতে এসেছে একটি লিখিত তথ্যও৷ সেপ্টেম্বরেই হামলা চলতে পারে মোদীর ওপর, এমনই আশঙ্কা প্রকাশ করেছে ওই সংস্থা৷

ইতিমধ্যেই দেশের ৩০টি শহরে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে৷ জম্মু, অমৃতসর, পাঠানকোট, জয়পুর, গান্ধীনগর, কানপুরের মত শহরগুলি জারি করা হয়েছে হাই অ্যালার্ট৷

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিরাপত্তা বাড়ানোর বিষয়ে কথা হলেও, তা নিতে অস্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ স্বরাষ্ট্রমন্ত্রকের একটি কমিটি এনএসজি স্তরের সুরক্ষার প্রয়োজনীয়তা আছে বলে জানালেও তা কার্যকর হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর অমিত শাহ একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন বলেই খবর৷ অমিত শাহের পূর্বসূরি রাজনাথ সিং থেকে পি চিদাম্বরম, সুশীল কুমার সিন্দে এবং শিবরাজ সিং প্রত্যেকেই এই নিরাপত্তার আওতায় ছিলেন।

একটি রিপোর্ট অনুযায়ী, জাতীয় নিরাপত্তা সংস্থার তরফে অমিত শাহকে এনএসজি স্তরের নিরাপত্তা দেওয়ার কথা জিজ্ঞাসা করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি সিআরপিএফ নিরাপত্তায় সম্পূর্ণ সুরক্ষিত বোধ করেন।

এরআগে, মাওবাদীরা নরেন্দ্র মোদীকে খুনের পরিকল্পনা করেছে এই তথ্য সামনে আসার পর নিরাপত্তা জোরদার করা হয়৷ মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের অন্যতম হাত তথা জঙ্গি নেতা মৌলানা বসির আহমেদ খাকি প্রকাশ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের কথা জানায়৷ অধিকৃত কাশ্মীরের একটি জনসভা থেকে এমনই হুমকি দেয় এই জঙ্গি নেতা৷ হাফিজ সইদের সংগঠন জামাত-উদ-দাওয়ার শীর্ষ নেতা হল মৌলানা বসির৷ আর এই হাফিজেরই হিটলিস্টে আছে মোদীর নাম৷

ফলে একের পর এক গোয়েন্দা সূত্রে পাওয়া খবরগুলিকে মোটেও লঘু করে দেখছেন না নিরাপত্তা আধিকারিকরা৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension