
মোদীর প্রস্তাবেই গান্ধীকে নিয়ে ছবি, রাজু হিরানির ভিডিওয় চাঁদের হাট
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: “সরকার আইন তৈরি করতে পারে। কিন্তু চিত্রপরিচালকরা মানুষের মনে ঢুকে পড়তে পারেন।” এক বছর আগে পরিচালক রাজকুমার হিরানিকে এই কথাই বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাত্মা গান্ধী প্রসঙ্গে এই মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী। এবছর গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে গান্ধীকে নিয়ে ছবি বানানোরও প্রস্তাব দিয়েছিলেন মোদী। সেই প্রস্তাবই বাস্তবায়িত করেছেন রাজকুমার হিরানি।
৩ ঘণ্টার ফিচার ফিল্ম নয়। একটি স্বল্প দৈর্ঘ্যের ভিডিওর মাধ্যমেই গান্ধীজির আদর্শকে তুলে ধরেছেন রাজকুমার হিরানি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে পরিচালক বলেছেন, “এই ভিডিওয় যাঁরা কাজ করেছেন তাঁরা প্রত্যেকেই ব্যস্ত নিজেদের কাজ নিয়ে। শেষ মুহূর্তে হলেও প্রত্যেকেই এই কাজে সময় দিয়েছেন। আর গান্ধীজির জীবন, আদর্শকে ৩ ঘণ্টার সিনেমার মাধ্যমে তুলে ধরা যায় না। তাই গান্ধীজির কিছু উক্তি ব্যবহার করে তাঁর আদর্শকে প্রেরণ করা হয়েছে।”
এই ভিডিওয় কাজ করেছেন শাহরুখ খান, আমির খান, সলমন খান, আলিয়া ভাট, ভিকি কৌশল, সোনম কাপুর, রণবীর কাপুর, কঙ্গনা রানাউত কাজ করেছেন। গান্ধীজির ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ১৯ অক্টোবর মোদীর বাসভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে এই ভিডিওর স্ক্রিনিং হয়। ভিডিও দেখে অভিনেতাদের প্রশংসা করেন মোদী। এভাবেই ছবির মাধ্যমে গান্ধীবাদকে ছড়িয়ে দেওয়ার বার্তা দেন মোদী।



