খেলা

পিঙ্ক বলে বিরাট সেঞ্চুরির প্রশংসায় সৌরভ

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: ঐতিহাসিক ইডেন টেস্টে ইতিহাস গড়েছেন বিরাট কোহলি৷ প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ডে-নাইট টেস্টে সেঞ্চুরি হাঁকান ভারত অধিনায়ক৷ সেই সঙ্গে টেস্ট কেরিয়ারে ২৭তম সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি৷ গোলাপি বলে বিরাটের সেঞ্চুরির প্রশংসা করেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়৷

ইডেন টেস্টের আগে পর্যন্ত দিন ও রাতের সন্ধিক্ষণে গোলাপি বলের দৃশ্যমানতা নিয়ে সংশয় ছিল। প্রথম দিন এই সময়েই বেশি উইকেট হারিয়েছে বাংলাদেশ আর শনিবার ম্যাচের দ্বিতীয় দিন এই সময়েই দ্রুত উইকেট হারায় ভারতও। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দুরন্ত সেঞ্চুরি করেন বিরাট৷ ৫৯ রানে অপরাজিত থাকা বিরাট এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে সেঞ্চুরি হাঁকান। ১৫৯ বলে তিন অংকের রানে পৌঁছন কোহলি৷

শেষ পর্যন্ত ১৩৬ রানে আউট হন বিরাট। প্রথমদিন পুরো টুইলাইট জোনেই ব্যাটিং করেছেন কোহলি। পিঙ্ক বলে বিরাটকে সমস্যায় পড়তে দেখা যায়নি। কোহলির সেঞ্চুরি প্রসঙ্গে সৌরভ বলেন, ‘ও একজন রান মেশিন।’ এছাড়াও পিঙ্ক বলের দৃশ্যমানতা নিয়ে সৌরভের বক্তব্য, ‘লাল বলের থেকে এই বল দেখা সহজ।’

প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ডে-নাইট টেস্টে সেঞ্চুরির পাশাপাশি ভারতীয় ক্যাপ্টেন হিসেবে ২০ নম্বর টেস্ট সেঞ্চুরি করেন কোহলি৷ ফলে ৭০টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক হন বিরাট৷ অর্থাৎ সচিন তেন্ডুলকরের থেকে ৩০টি সেঞ্চুরি কম৷ ক্যাপ্টেন হিসেবে সর্বাধিক ৪১টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক হলেন কোহলি৷

বিরাটের সেঞ্চুরি প্রসঙ্গে ধারাভাষ্যকার হর্ষ ভোগলে টুইটারে লেখেন, ‘আরও একটি অসাধারণ সেঞ্চুরি৷ একই ইনিংসে সচিনও ২৭টি টেস্ট সেঞ্চুরি করেছিল। কোহলির আইডল সচিন। দারুণভাবে ওকেই অনুসরণ করছে।’

এক বিরাট ফ্যান টুইটারে লিখেছেন, ‘ম্যাচের সঙ্গে সঙ্গে বলের রঙ বদলাতে পারে কিন্তু একজন চ্যাম্পিয়নের ক্লাস কখনও বদলায় না।’ আর একজন লিখেছেন, ‘এই মানুষটিকে থামানো যাবে না৷ আরও একটি শতরান রান মেশিনের।’ অর্থাৎ সোশাল মিডিয়ায় বিরাট প্রসংশা৷

বোর্ড প্রেসিডেন্টের সৌরভের ব্যবস্থাপনায় দেশের মাটিতে প্রথম দিন-রাতের টেস্টর সাক্ষী থাকল ইডেন গার্ডেন্স৷ শুক্রবার ম্যাচের প্রথম দিন ক্রিকেটের নন্দনকাননে বসেছিল তারকার মেলা৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডেন বেল বাজিয়ে ইডেনে ঐতিহাসিক ডে-নাইট টেস্টের সূচনা করেছিলেন৷ প্রথম দিন ইডেনে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়করাও৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension