
জয় ললিতার ভূমিকা এই অভিনেত্রীকে কি চিনতে পারছেন
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: ২০১৬-র ৫ ডিসেম্বর। তামিলনাড়ুর অধিকাংশ মানুষের কাছে এই দিনটি আজও কালো দিন হিসেবেই চিহ্নিত। কারণ এই দিনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন আম্মা তথা জয় ললিতা। সেই জয় ললিতার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। আজ শনিবার সেই ছবিরই প্রথম লুক প্রকাশ্যে এল।
তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রীর বায়োপিকটির নাম থালাইভি। ছবির ফার্স্ট লুক টিজার প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহল থেকে চলচ্চিত্র দুনিয়া সর্বত্র আলোড়ন পড়ে গিয়েছে। ছবির এই প্রথম লুকেই কঙ্গনাকে জয় ললিতার চরিত্রে দেখা যাচ্ছে। আর সেখানে কঙ্গনাকে চেনা দায়। টিজারের প্রথমে অভিনেত্রী জয় ললিতাকে দেখানো হচ্ছে। তার পরেই রাজনৈতিক মহলে আম্মাকে দেখা যাচ্ছে।
পোস্টারটি দেখে আন্দাজ করার উপায় নেই, ছবিতে জয় ললিতার চরিত্রে আসলে কঙ্গনা রানাউত রয়েছেন। ছবিতে যেন জয় ললিতাই জীবন্ত হয়ে উঠেছেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, হলিউডের প্রস্থেটিক শিল্পী জ্যাসন কলিনস এই মেক আপ করেছেন।
জয় ললিতার লুক টেস্টের জন্য কঙ্গনা আমেরিকায় গিয়েছিলেন। সেখানে পরীক্ষামূলক ভাবে বেশ কয়েকটি লুক দেখা হয়। শেষ পর্যন্ত এই প্রস্থেটিকেই কঙ্গনাকে সাজান জ্যাসন কলিনস। জ্যাসন কলিনস ক্যাপ্টেন মার্ভেল ও ব্লেড রানার ২০৪৯ ছবিতে প্রস্থেটিকের কাজ করেছেন।
জানা যাচ্ছে, এই ছবিতে এমজিআরের ভূমিকায় দেখা যাবে অরবিন্দ স্বামীকে। ছবির সঙ্গীত পরিচালনা করছেন জিভি প্রকাশ।
প্রসঙ্গত, কঙ্গনা রানাউত এই মুহূর্তে এই ছবির কাজ নিয়েই ব্যস্ত। এর আগে তাঁকে শেষ জাজমেন্টাল হ্যায় কেয়া ছবিতে দেখা গিয়েছিল রাজকুমার রাও-এর বিপরীতে। এই ছবি বহু বিতর্কে জড়িয়েছিল। এই ছবির প্রচার ইভেন্টে এক বিনোদন সাংবাদিকের সঙ্গে দুর্বব্যহার করায় নিন্দিত হয়েছিলেন কঙ্গনা।



