
খালেদা জিয়ার প্রকৃত অবস্থা জানা যাবে এক্সরে রিপোর্টের পর: চিকিৎসক
রূপসী বাংলা ডেস্ক:বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রি. জে. আব্দুল্লাহ আল হারুন বলেছেন, আপাতদৃষ্টিতে তিনি (খালেদা জিয়া) ভালো আছেন। আমাদের এখানে তার কয়েকটি এক্সরে করানো হয়েছে। আগামীকাল রিপোর্ট পাওয়া যাবে। রিপোর্ট হাতে পেলে আমরা তার অবস্থার বিষয়ে বিস্তারিত বলতে পারব।
শনিবার দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরিক্ষার পর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় বিএসএমএমইউয়ের এই পরিচালক বলেন, বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্যের প্রকৃত অবস্থা জানা যাবে তার হাড়ের বিভিন্ন অংশের যেসব এক্স-রে করা হয়েছে, সেগুলোর প্রতিবেদন পাওয়ার পর। সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। হাসপাতাল থেকে মেডিকেল প্রতিবেদন কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। কারা কর্তৃপক্ষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গঠন করা মেডিকেল বোর্ডকে দেবে। বোর্ডই পরবর্তী করণীয় নির্ধারণ করবে।
তিনি আরো বলেন, বিএনপির চেয়ারপারসন তার পছন্দের চারজন চিকিৎসককে এক্স-রে কক্ষে রাখার অনুরোধ করেছিলেন। সেই অনুযায়ী ওই চিকিৎসকদের সেখানে রাখা হয়।
এর আগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কারাগার থেকে বিএসএমএমইউ-এ নেয়া হয় খালেদা জিয়াকে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়। পরে দুপুর দেড়টার দিকে তাকে হাসপাতাল থেকে ফের কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
এরপরই বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে সংবাদ সম্মেলনে আসেন বিএসএমএমইউ পরিচালক।
এর আগে বন্দি হওয়ার ৫৮ দিন পর সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাগার থেকে বিএসএমএমইউয়ে হাসপাতালে নেয়া হয় বিএনপি চেয়ারপার্সনকে। সেখানে তার রক্ত পরীক্ষা ও এক্সরে করা হয়। বিএসএমএমইউতে পৌঁছার পর খালেদা জিয়া হেঁটেই কেবিন ব্লকের লিফটে ওঠেন। কেবিনে যাওয়ার পর চারজন চিকিৎসক অধ্যাপক এম আলী, ফয়েজুর রহমান, এস এম সিদ্দিক ও মো. মামুনকে নিয়ে সেখানে যান বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন।
এদিকে খালেদা জিয়া হাসপাতালে প্রবেশের সময় হাসপাতালের সামনে বিএনপির নেতাকর্মীরা তার নামে স্লোগান দেন। এসময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শিমুলসহ ৪ থেকে ৫ জনকে আটক করে পুলিশ।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গত ৮ ফেব্রুয়ারি ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার পর খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। সেদিন থেকে খালেদা জিয়া কারাগারে আছেন।



