
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একাউন্ট খোলা হয়েছে: মোশাররফ
রূপসী বাংলা ডেস্ক:দুর্নীতি, গুম, খুন ও মিথ্যা মামলায় খালেদা জিয়াকে নির্যাতন করার জন্য প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একাউন্ট খোলা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে শফিউল বারী বাবু, ইয়াসিন আলী মুক্তি পরিষদ আয়োজিত এক প্রতিবাদী সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপির নেতাকর্মীদের নামে দুদকের তদন্তের কথা উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে একাউন্ট খোলা হয়ে গেছে। তিনি (প্রধানমন্ত্রী) ক্ষমতায় আসার পর পরই পিলখানা ঘটনা ঘটেছে। এটার কিন্তু সম্পূর্ণ রিপোর্ট এখনো বের হয়নি। তবে এটাও একাউন্টে জমা হচ্ছে।
খন্দকার মোশাররফ বলেন, শেয়ার বাজারের টাকা লুট করে লাখ লাখ মানুষকে পথে বসিয়ে ছিলেন? সেটারও একটি রিপোর্ট করা হয়েছিল। আপনার অর্থমন্ত্রী বলেছিলেন, রিপোর্ট যাদের নাম আছে, তাদের হাত অর্থমন্ত্রীর চেয়ে লম্বা। তারা অর্থমন্ত্রীর চেয়ে প্রভাবশালী। তাহলে তারা কে বা কারা হবেন? এই একাউন্টও প্রধানমন্ত্রী বিরুদ্ধে খোলা হয়ে গেছে।
তিরি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী বিদ্যুতের দাম ১০ থেকে ১২ টাকা বৃদ্ধি করেছেন। এই দাম বৃদ্ধি করে জনগণের পকেট কেটেছেন আপনি। এটাও কিন্তু একাউন্ট খোলা হয়েছে। ব্যাংক ও রিজার্ভ লুট করা হয়েছে। এগুলোরও একাউন্ট খোলা হচ্ছে। গুম, খুন এবং মিথ্যা মামলা বেগম জিয়াকে যেভাবে অন্যায়ভাবে নির্যাতন করছেন এটাও একাউন্ট খোলা হয়েছে। এসব একাউন্টের খবর জনগণ একদিন নেবে এবং তার বিচারও করবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলীর মুক্তির দাবিতে এ সভায় তিনি বলেন, আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। তাই তারা আবুল-তাবুল বকছেন। তারা আরও বলছেন, আমাদের (বিএনপি) জনসমর্থন নাই। জনসমর্থন যদি না থাকে তাহলে আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে দিতে ভয় পান কেন? আওয়ামী লীগ যতই ষড়যন্ত্র করুক না কেন, এদেশের মানুষ ৫ জানুয়ারির মত আর প্রহসনের নির্বাচন হতে দেবে না’ বলে মনে করেন খন্দকার মোশাররফ।
এ বছর নির্বাচনের বছর উল্লেখ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, যে কোনো গণতান্ত্রিক দেশে নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে হলে গণতান্ত্রিক স্পেস প্রয়োজন। কিন্তু নির্বাচনের এই বছরে সেই সুযোগ আমাদের সরকার দিচ্ছে না। এছাড়া গণতান্ত্রিক স্পেসকে আওয়ামী লীগ তাদের বাক্স বন্দি করে ৫ জানুয়ারির মত আরেকটি প্রহসনের নির্বাচন করার ষড়যন্ত্র করছে।
নেতা-কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, খালেদা জিয়াকে কারাগারে নিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলার একটি গভীর ষড়যন্ত্র ছিল। তবে আমাদের নেতা-কর্মীদের অভিনন্দন ও ধন্যবাদ জানাই, সরকারের পাতা ফাঁদে আমাদের নেতা-কর্মীরা পা দেয়নি। গত ৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন করেছে। এতেই সরকার ভয়ে-ভীত।
সভায় বক্তব্যে রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।



