
তিস্তা চুক্তির দ্রুত সমাধানের প্রতিশ্রুতি ভারতের
রূপসী বাংলা ডেস্ক:রোহিঙ্গা ইস্যু এবং তিস্তা চুক্তির বিষয়ে ভারতের অবস্থানে বাংলাদেশ সন্তুষ্ট বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।
সোমবার ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন শহীদুল হক।
ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে বলেছেন, রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় ভারত। আর এর জন্য বাংলাদেশ ও মিয়ানমারকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে। তিনি সোমবার দুপুরে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। গত ৮ এপ্রিল তিনদিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের নতুন পররাষ্ট্রসচিব বিজয় গোখলে। পররাষ্ট্রসচিব হিসেবে বাংলাদেশে এটাই তার প্রথম সফর।
আজ বৈঠকের পর বিজয় গোখলে জানান, বর্ষা মৌসুমে রোহিঙ্গাদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে মিয়ানমারের বাস্তুচ্যুত এই লোকজনের সহায়তার জন্য দ্বিতীয় দফায় ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে ভারত। এ ছাড়া রোহিঙ্গা নারী ও শিশুদের জন্য মাঠ পর্যায়ে হাসপাতাল চালু করতে যাচ্ছে দেশটি।
এছাড়াও তিনি আরো বলেন, দুই দেশ সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করতে হবে। ভারত দুই দেশের যোগাযোগ সবচেয়ে গুরুত্ব দেয়। দুই দেশের সম্পর্ক এখন সর্বোচ্চ উচ্চতায়।
অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহীদুল হক সাংবাদিকদের বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতাপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলেছি। রোহিঙ্গা সমস্যা নিয়ে ভারত যেভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে, তাতে আমরা খুশি। তিনি বলেন, ভারতের পররাষ্ট্রসচিব জানিয়েছেন, তিস্তা চুক্তি দ্রুত সইয়ের জন্য তারা কাজ করছেন।
বৈঠক শেষে দুই দেশের মধ্যে ছয়টি সমাঝোতা স্মারক স্বাক্ষর হয়।
গত ২৯ জানুয়ারি ভারতের পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেয়ার পর রোববার প্রথমবারের মত বাংলাদেশে আসেন বিজয় গোখলে।
মঙ্গলবার সকালে ঢাকা ছাড়বেন তিনি।



