
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়সহ ৫ সরকারি ওয়েবসাইট হ্যাকড
রূপসী বাংলা ডেস্ক:কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়েছে হ্যাকাররা। ইতিমধ্যে তারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়সহ ৫ সরকারি কার্যালয়ের ওয়েবসাইট হ্যাকড করেছে। মঙ্গলবার রাত ১০টার দিক থেকে বেশ কয়েকটি সরকারি সাইটে ব্রাউজ করলে সেগুলো হ্যাক হয়েছে বলে দেখাচ্ছে। হ্যাকাররা ওই সাইটগুলো হ্যাক করার পর সেখানে উপরে শিরোনাম হিসেবে ‘হ্যাকড বাই বাংলাদেশ’ এবং তার নিচে বাংলাদেশের পতাকা হাতে শাহবাগে আলোচিত প্রতিবাদীর ছবি দেয়া হয়েছে।
রাত ১০টার দিকে বঙ্গভবনের ওয়েবসাইট (bangabhaban.gov.bd), প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট (www.pmo.gov.bd), জাতীয় সংসদের ওয়েবসাইট (parliament.portal.gov.bd), স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mha.gov.bd) বিসিএস প্রশাসনের ওয়েবসাইট (bcsadminacademy.gov.bd) এবং কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (moa.gov.bd) গেলে একই দৃশ্য দেখা যায়।
এবিষয়ে সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম এনালিস্ট মাহাবুবুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে এটি অনেক বড়ো একটি আক্রমণ। হ্যাকাররাও এতে যোগ দিয়েছে জানতে আমি পেরে অবাক হচ্ছি। এই ট্রেন্ডটা আগে শুধু বিদেশে হতো। একইভাবে অনলাইনে এভাবে সাইবার আন্দোলন বাংলাদেশে এর আগে হয়নি বললেই চলে। আমাদের দেশিয় সাইটগুলোকে সিকিউর রাখা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। মন্ত্রণালয়গুলোতে দক্ষতার নিয়োগের অভাব পরিষ্কার দেখা যাচ্ছে!
সাইটগুলো হ্যাক করার পর সেখানে প্রদর্শিত ছবির নিচে হ্যাশট্যাগ দিয়ে Reform Quota BD, Stop the Genocide, Reform Quota System, Bangladesh, Student Protest, United WE Stand, No_Private or Publice Discrimination বেশ কিছু শ্লোগান লেখা হয়।
সোমবার সংসদে মতিয়া চৌধুরী কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে জাতীয় সংসদে বলেছিলেন- “মুক্তিযোদ্ধাদের সন্তানরা সুযোগ পাবে না, রাজাকারের বাচ্চারা সুযোগ পাবে? তাদের জন্য মুক্তিযোদ্ধা কোটা সংকুচিত হবে?
বুধবার কোটার সার্বিক সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে রাজু ভাস্কর্য স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়। তাদের স্লোগান ছিল- ‘মতিয়ারে মতিয়া, তুই রাজাকার তুই রাজাকার’, ‘ম-তে মতিয়া, তুই রাজাকার তুই রাজাকার’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নেই’, ‘কোটা দিয়ে কামলা নয়, মেধা দিয়ে আমলা চাই’, ‘এক দফা এক দাবি, কোটা প্রথার সংস্কার চাই’, ‘বাতিল করো বাতিল করো, নাতি-পুতি কোটা কোটা বাতিল করো’, ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মেনে নাও’।
প্রসঙ্গত, বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে ৫৬ শতাংশ কোটা রয়েছে। আর বাকি ৪৪ শতাংশ নিয়োগ হয় মেধায়। এ জন্য এই কোটা ব্যবস্থার সার্বিক সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা।



