
রাশিয়ায় বিরোধী দলীয় নেতাকে বিষ প্রয়োগ
রাশিয়ান বিরোধী দলের নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সেই নাভালনিকে বিষয় প্রয়োগ করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ২০১১ সালে তার গড়া অ্যান্টি-করাপশন ফাউন্ডেশনের প্রেস সেক্রেটারি এ খবর নিশ্চিত করেছেন। নাভালনিকে অসচেতন অবস্থায় হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ বলেছেন, সাইবেরিয়া থেকে মস্কোতে ফিরছিলেন বিরোধী দলের নেতা। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে বহনকারী বিমান জরুরি অবতরণ করে। ধারণা করা হচ্ছে, তার চায়ে বিষ মেশানো হয়েছিল।
টুইটারে ইয়ারমিশ লিখেছেন, ‘অ্যালেক্সেইকে বিষাক্ত কিছু প্রয়োগ করা হয়েছে। এখন তিনি আইসিইউতে। আমরা মনে করছি তার চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মেশানো হয়েছে। সকালে শুধু তিনি চা খেয়েছিলেন। গরম পানীয়র সঙ্গে দ্রুত বিষ মিশে গেছে বলছে ডাক্তাররা।’
ইকো মস্কোভি রেডিও স্টেশনকে ইয়ারমিশ বলেছেন, বিমানে হঠাৎ করে ঘামতে শুরু করেন নাভালনি এবং মনোযোগ অন্যদিকে সরাতে তাকে তার সঙ্গে কথা বলতে বলেন। তারপর বাথরুমে গিয়েই জ্ঞান হারান ৪৪ বছর বয়সী নেতা।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস বলছে, সার্বিয়ার ওমস্ক শহরের একটি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়েছে নাভালনিকে। হাসপাতালের প্রধান চিকিৎসকের বরাত দিয়ে তাস জানিয়েছে, তার অবস্থা সংকটাপন্ন। ইয়ারমিশ বলেছেন, অ্যালেক্সেইর জ্ঞান এখনও ফেরে নি। ভেন্টিলেটরে রাখা হয়েছে তাকে। পুলিশকে ডাকা হয়েছে হাসপাতালে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে বিমানবন্দরের রানওয়ে থেকে একটি স্ট্রেচারে করে নাভালনিকে নিয়ে যেতে দেখা গিয়েছে।
এর আগেও নাভালনিকে বিষ প্রয়োগ করার অভিযোগ উঠেছিল। পুতিনের রাজনৈতিক দল ইউনাইটেড রাশিয়াকে ‘চোর ও ভণ্ডের দল’ উল্লেখ করা এই নেতা একাধিকবার জেল খেটেছেন। ২০১১ সালের সাধারণ নির্বাচনে পুতিনের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনে প্রতিবাদ করায় গ্রেপ্তার হন তিনি এবং ১৫ দিন জেল খাটেন।
২০১৩ সালেও অল্প কয়েকদিনের জন্য জেলে থাকতে হয়েছিল নাভালনিকে। গত প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে চাইলেও তার বিরুদ্ধে আগের প্রতারণা মামলার কারণে তাকে নিষিদ্ধ করা হয়। গত বছর জুলাইয়ে কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই আন্দোলন করায় ৩০ দিন কারাদণ্ড দেওয়া হয় তাকে।
ওই সময় অসুস্থ হয়ে পড়লে জেল থেকে হাসপাতালে নেওয়া হয় তাকে। তার ডাক্তারদের দাবি, বিষ প্রয়োগ করা হয়েছিল তাকে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল, অ্যালার্জির সমস্যায় ভুগছিলেন নাভালনি।
২০১৭ সালে তার ওপর অ্যান্টিসেপটিক রঙ দিয়ে রাসায়নিক হামলা চালালে গুরুতর আহত হন নাভালনি।❐



