
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শ্রদ্ধা ও ভালোবাসায় মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সি আর দত্তকে স্মরণ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
বুধবার স্থানীয় সময় বিকেলে জ্যাকসন হাইটসের ৭৩ ষ্ট্রিটে সার্বজনীন এ শ্রদ্ধা সমাবেশে হাজির ছিলেন নিউ ইয়র্কের মুক্তিযোদ্ধা, সাংবাদিক, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মুক্তিযুদ্ধ প্রজন্মসহ নানা শ্রেণীপেশার প্রবাসী বাংলাদেশি।
সাংবাদিক মাহফুজুর রহমানের পরিচালনায় প্রদীপ প্রজ্বলন ও এক মিনিট নীরবতা পালনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
এরপর প্রবাসী মুক্তিযোদ্ধারা প্রয়াত সেক্টর কমান্ডার সি আর দত্তের প্রতিকৃতির সামনে স্যালুট জানিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ।
মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন। ছিলেন মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, রাশেদ আহম্মেদ, রেজাউল বারী, একেএম ফজলুল হক, মুকিত চৌধুরী, শওকত আকবর রিচি ও ফারুখ হোসাইন।
এছাড়াও আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক নাজমুল আহসান, ইমাম কাজী কাইয়ুম, বাংলা চ্যানেলের সিইও শাহ্ জে চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট গোপাল স্যান্যাল, শুভ রায় ও শিবলী সাদিক প্রমুখ।
বক্তারা বলেন, প্রয়াত সি আর দত্তের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান দেশ ও জাতি শ্রদ্ধার সঙ্গে চিরদিন স্মরণ রাখবে।’
তার প্রত্যাশিত অসাম্প্রদায়িক চেতনা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই এগিয়ে যাবে । অনুষ্ঠানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ব্যবসায়ী কামরুজ্জামান কামরুল, হারুণ ভুইয়া, শাকিল মিয়া, সাংবাদিক কানু দত্ত, সঞ্জীবন কুমার, সোহেল গাজী, এমডি. আজিজুল হক, হোসনে আরা চৌধুরী কো ফাউন্ডার শাহ্ ফাউন্ডেশন, আব্দুর রহমান, নান্টু মিয়াসহ অন্যরা।❐



