
এক ইনস্টাগ্রাম চ্যাটে বিয়ার গ্রিলস আর হুমা কুরেশির সঙ্গে কথা প্রসঙ্গেই অক্ষয় বলে ফেলেছেন যে, তিনি রোজ গোমূত্র পান করতেন। আর সেই ভিডিও ভাইরাল হতেই অগণিত নেটজনতা আবারও মোদি ভক্তির প্রসঙ্গ টেনে এনেছেন।
অক্ষয় যে মার্শাল আর্ট বিশারদ, তা অনেকেরই জানা। শরীর চর্চাও করেন নিয়মিত। কাজেই শরীর ঠিক রাখতে করলার রস, লাউয়ের জুসের মতো অনেক কিছুই এর আগে পান করার কথা জানিয়েছিলেন অক্ষয় কুমার।
কিন্তু অক্ষয়ের এই গোমূত্র পান করার বিষয়টি কিন্তু কিছুতেই হজম করতে পারছেন না নেটজনতার একাংশ।
বিয়ার গ্রিলসকে জানিয়েছেন, আয়ুর্বেদের কারণেই গোমূত্র পান করতে তার কখনও অসুবিধে হয় নি। একটা সময়ে রোজ খেতেন। আর এই কথাতেই হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।
উল্লেখ্য, ‘ইনটু দ্য ওয়ার্ল্ড উইথ বিয়ার গ্রিলস’-এ অক্ষয় কুমারকে দেখা যাবে গ্রিলসের সঙ্গে বন্য অভিযানে। দিন কয়েক যার ট্রেইলার প্রকাশ্যে এসেছে।
সেই শো’তেই অক্ষয়ের সঙ্গে হাতির মল দেওয়া চা খাওয়ার বিষয়টি প্রকাশ্যে এসেছিল দিন কয়েক আগে। সেই সুবাদেই সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম চ্যাটে এবার গোমূত্র পান করার কথা স্বীকার করেন অক্ষয়।❒



