
এসএম সোলায়মান, নিউ ইয়র্ক থেকে: নিউ ইয়র্কের লং আইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভুত আইটি ইঞ্জিনিয়ার সায়েম শাহরিয়ার (২৪) মারা গেছেন।
আজ ১ অক্টোবর স্থানীয় সময় সোমবার রাত ৯টায় লং আইল্যান্ড এক্সপ্রেস ওয়ের ৪১ এক্সিটে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলেই সায়েম শাহরিয়ারের মৃত্যু হয়।
বাংলাদেশ স্টূডেন্ট এসোসিয়েশন অব নিউ ইয়র্কের সদস্য সায়েম শাহরিয়ারের পৈত্রিক বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলায়।
যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সায়েম বাবা মায়ের একমাত্র ছেলে। তার ছোট এক বোন রয়েছে। নিহত সায়েমের বাবা ইকবাল ইসলাম ও মা কুমু ইসলাম। তারা সপরিবারের নিউ ইয়র্ক লং আইল্যান্ডের রনকনকোমায় বাস করতেন।
সায়েম শাহরিয়ারের অকাল মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ সোসাইটি, বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন অব নিউ ইয়র্কসহ বাংলাদেশীদের বিভিন্ন সংগঠন। বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন অব নিউ ইয়র্কের প্রধান উপদেষ্টা সৈয়দ মোস্তফা আল আমিন রাসেল জানান, ২ অক্টোবর বাদ জুম্মা লং আইল্যান্ড রনকনকোমা সেলডেন জামে মসজিদে সায়েমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। একই দিন লং আইল্যান্ড ওয়াশিংটন মেমোরিয়াল পার্কে দাফন করা হবে।
সৈয়দ আল আমিন রাসেল জানান, নিহত সায়েম শাহরিয়ার নিউ ইয়র্কের ফার্মিংডেল কলেজ থেকে কম্পিউটার সফটওয়ারে ২০১৮ সালে গ্র্যাজুয়েশন করেছেন। আগামি মাসে ক্যালিফোর্নিয়ার একটি আইটি ফার্মে যোগ দেওয়ার কথা ছিল। সায়েম নিউ ইয়র্কে বাংলাদেশি স্টুডেন্টদের উদ্যোগে আয়োজিত ব্লাড ডোনেশনসহ বিভিন্ন আর্ত মানবতার সেবায় কাজ করেছেন।
সায়েমের মৃত্যুতে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। শোক ও সমবেদনা জানাতে কমিউনিটির অনেকেই ছুটে গেছেন রনকনকোমায় তাদের বাসায়।❐



