
ফ্রাঙ্কেনস্টাইন চরিত্রে স্কারলেট
অভিনয়ের পাশাপাশি ‘ব্রাইড’ নামের সাই-ফাই সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন স্কারলেট জোহানসন। পরিচালনা করছেন সেবাস্টিয়ান লিলিও।
ভবিষ্যতের কাহিনি নিয়ে এ সিনেমা। যেখানে এক নারীকে আদর্শ বধূ হিসেবে গড়ে তুলতে চান এক মেধাবী উদ্যোক্তা। এক সময় সে সবকিছু অস্বীকার করে, অস্তিত্ব রক্ষায় পালাতে বাধ্য হয়। কিন্তু দুনিয়া তাকে একজন দানব হিসেবে দেখে।
পালানোর সময় সে নিজের আসল পরিচয় জানতে পারে। জানতে পারে চমকে দেওয়া ক্ষমতা সম্পর্কে। যার মাধ্যমে নিজেকে নতুন করে গড়ে নেয়। মুখোমুখি হয় নতুন নতুন চ্যালেঞ্জের।
গল্পের ধরন দেখে ফ্রাঙ্কেনস্টাইনের কথা মনে পড়াই স্বাভাবিক। ইউনিভার্সাল স্টুডিও ক্ল্যাসিক ‘ব্রাইড অব ফ্রাঙ্কেনস্টাইন’ রিমেকের ঘোষণা দিয়েছিল আগে। কিন্তু নতুন এ ছবির সঙ্গে প্রতিষ্ঠানটির কোনও যোগ নেই।
দ্য হলিউড রিপোর্টারকে স্কারলেট ‘ব্রাইড’ প্রসঙ্গে জানান, ক্ল্যাসিক অ্যান্টি-হিরোইনকে হাল সময়ের চিন্তার মাধ্যমে তুলে ধরবেন তারা।
চলতি বছর ‘ম্যারেজ স্টোরি’র জন্য সেরা অভিনেত্রী ও ‘জোজো র্যাবিট’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনয়ন পান স্কারলেট জোহানসন। এছাড়া অভিনয় করেন ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এ। তার ঝুলিতে আরও রয়েছে কিছু সাই-ফাই ছবি। মুক্তির অপেক্ষায় রয়েছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ‘ব্ল্যাক উইডো’। এ চরিত্রে স্কারলেট বেশ কিছু ছবিতে অভিনয় করলেও এটি হতে যাচ্ছে ব্ল্যাক উইডোর একক সিনেমা।
অন্যদিকে ‘আ ফ্যান্টাস্টিক ওম্যান’ সিনেমার জন্য সেরা বিদেশি ভাষার সিনেমা বিভাগে অস্কার জেতেন চিলির পরিচালক লিলিও।
‘ব্রাইড’ প্রযোজনার সঙ্গে আরও আছে অ্যাপল টিভি ও এ২৪। বর্তমানে চিত্রনাট্যের কাজ চলছে। শিগগিরই শুরু হবে শুটিং।❐



