গণমাধ্যমপ্রবাস

যুক্তরাষ্ট্রে সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ

রূপসী বাংলা প্রতিনিধি, নিউ ইয়র্ক থেকে: সাংবাদিক রোজিনা ইসলামের ওপর হামলা, হেনস্থা ও মামলার প্রতিবাদে এবং তাঁর মুক্তির দাবিতে ১৮ মে মঙ্গলবার বিকালে যুক্তরাষ্টের প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। নিউ ইয়র্ক নগরীরর জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় । সমাবেশে নিউ ইয়র্কসহ আশেপাশের নগরী থেকে লেখক, সাংবাদিক এবং জনসমাজের প্রতিনিধিরা যোগ দেন।

বক্তারা বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, সাংবাদিক রোজিনাকে নিপীড়নের মাধ্যমে বাংলাদেশে সাংবাদিকতার কণ্ঠ চেপে ধরার প্রয়াসের নগ্ন বাস্তবতা উঠে এসেছে। এ ঘটনা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করেছে। রোজিনা ইসলামকে যারা হেনস্তা করেছে , তাদের জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে ও তাদের বিচার করতে হবে। অনতিবিলম্বে রোজিনা ইসলামকে মুক্তি দিতে হবে। তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে।

ডাইভারসিটি প্লাজার সমাবেশে বাংলা ও ইংরেজিতে হাতে লেখা পোস্টার নিয়ে চল্লিশ জনেরও বেশি মানুষ সমবেত হন। এসময় অন্যান্য দেশেল সচেতন নাগরিকদেরকেও সংহতি জানাতে দেখা যায়। নাট্যকার ও সাংবাদিক তোফাজ্জল লিটনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশের শুরুতেই বক্তব্য রাখেন প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক, লেখক-সাংবাদিক ইব্রাহীম চৌধুরী। দেশের একজন সাংবাদিকের ওপর নিপীড়নের প্রতিবাদে দেশে ও প্রবাসী জনসমাজের প্রতিক্রিয়া এবং প্রতিবাদে নেমে আসার জন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রবীণ সাংবাদিক , সাপ্তাহিক পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান বলেছেন , ওয়াশিংটন পোস্টসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে রোজিনা ইসলামকে গ্রেফতার ও হেনস্তা করা নিয়ে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে , তা দেশের ভাবমূর্তিকে বিনষ্ট করেছে। এ নিয়ে সরকারকে ভাবতে হবে এবং রোজিনা ইসলামকে হেনস্তা ও হয়রানি করার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে তিনি বাংলাদেশ সরকারের কাছে দাবি জানান।

আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মোহম্মদ সাঈদ বলেন, গণতন্ত্রের অন্যতম স্তম্ভ বাকস্বাধিনতা। আজকে আমদের টুঁটি চেপে ধরা হচ্ছে। প্রবাসী সাংবাদিকদের মতো দেশের সাংবাদিকরা যদি এখনই সংঘবদ্ধ না হন তাহলে এমন ঘটনার বারংবার দেখা দিবে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী শেখ আখতারুজ্জামান তাঁর বক্তৃতায় বলেন , রোজিনা ইসলামের নামে যে মামলা দায়ের করা হয়েছে তার সারমর্ম দেখলেই ধারণা পাওয়া যায় এ মামলা বিদ্বেষপ্রসূত। এ মামলার কোনো ভিত্তি নেই। বলে তিনি উল্লেখ করেন।

বীর মুক্তিযোদ্ধা ও কলামিস্ট সুব্রত বিশ্বাস বলেন , স্বাধীন বাংলাদেশে একের এক এমন ঘটনার মধ্য দিয়ে দেশকে মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরিয়ে নেয়া হচ্ছে। বাংলাদেশে আজ সত্য জানার এবং জানানোর সব পথ বন্ধ করে দেয়া হচ্ছে।

চলচ্চিত্র নির্মাতা রওশন আরা নিপা বলেন, আমলাতন্ত্রের একজন কর্মচারি যেভাবে একজন সাংবাদিকের ওপর শারিরিক নির্যাতন করেছে তা ন্যাক্কারজনক। সরকার তাদের শক্ত হাতে দমন না করলে দেশের গণতন্ত্র নস্যাৎ হবে।

সাংবাদিক মনিজা রহমান রহমান বলেন , রোজিনা আমাদের সহকর্মীই শুধু নন, আজ সারা বাংলাদেশের সব সাংবাদিক রোজিনা ইসলাম হয়ে উঠেছে। তাঁর ওপর হামলা মানে বাংলাদেশের সাংবাদিকতার ওপর হামলা ।

লেখক রওশন হক বলেন , রোজিনা ইসলামকে অবিলম্বে মুক্তি দিয়ে স্বাস্থ্য বিভাগের চিহ্নিত লুটেরাদের বিচারের আওতায় আনতে হবে।

ডাইভার্সিটি প্লাজার সমাবেশে কিছুক্ষণ পরপর রোজিনা ইসলামে মুক্তির দাবিতে স্লোগান দেয়া হয়। অবিলম্বে মুক্তি দেয়া না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলে লেখক, সাংবাদিক ও জনসমাজের প্রতিনিধিরা তাদের বক্তৃতায় উল্লেখ করেন। প্রতিবাদ সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, লেখক সাংবাদিক শামিম আল আমীন , সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, এফ এফ এম মিসবাউজ্জামান, নিহার সিদ্দিকী, শহীদুল ইসলাম , শাখাওয়াত হোসেন সেলিম, এম বি তুষার , এইচ বি রিতা , গোপাল স্যান্যাল, বিশ্বজিত সাহা , রোকেয়া দীপা , মনজুরুল হক, শিরিল হাসান, জাকির হোসেন বাচ্চু, শামীম আহমেদ, আব্দুশ শহীদ , ইমাম কাজী কাইয়্যুম প্রমুখ।

উল্লেখ করা যেতে পারে, গত সোমবার বেলা তিনটা থেকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে নানাভাবে হেনস্তা করা হয় সাংবাদিক রোজিনা ইসলামকে। এ সময় তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চলে। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। লুটিয়ে পড়েন মেঝেতে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ে তাঁর তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা হয় নি। রাত সাড়ে আটটার পর তাঁকে নিয়ে যাওয়া হয় শাহবাগ থানায়। সেখানে প্রায় ১১ ঘণ্টা পুলিশি হেফাজতে ছিলেন রোজিনা ইসলাম। এর মধ্যেই থানায় তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দেওয়া হয়।

রোজিনা ইসলামকে গতকাল সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে শাহবাগ থানা-পুলিশ। শুনানি নিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম রিমান্ড আবেদন নামঞ্জুর করে রোজিনাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension