প্রবাস

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতির স্বীকারোক্তি: দেশে উন্নয়নের সঙ্গে দুর্নীতিও হচ্ছে

বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। তবে এই উন্নয়নের সঙ্গে দুর্নীতিও হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির লাগাম টেনে ধরতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। দুর্নীতিবাজদের প্রতিহত ও সামাজিকভাবে বয়কট করতে সবাইকে ঐকবদ্ধ হতে হবে।

শনিবার জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। তিনি বলেন, দেশ থেকে টাকা পাচার করে যারা প্রবাসে আয়েশী জীবন যাপন করছে তাদেরকে চিহ্নিত করে সম্মিলিতভাবে ধিক্কার জানানোর উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, প্রবাসে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কি করা যায় তা ঠিক করতে সব শ্রেণী-পেশার মানুষের সমন্বিত কর্মসূচি গ্রহণ করার আহবান জানান এ বর্ষীয়ান রাজনীতিবিদ। কোভিড-১৯ মোকাবেলায় সরকার সফল উল্লেখ করে ছিদ্দিকুর রহমান বলেন, সরকার কর্মহীন মানুষকে সরকার সব ধরণের সহায়তা দিয়েছেন। করোনাকালে সরকার ঘোষিত প্রণোদনা ব্যবসায়ীদের ব্যবসায় টিকে থাকতে বিশেষভাবে সহায়তা করেছে বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করবে যা যথাসময়ে সংবাদ মাধ্যমে জানানো হবে। ছিদ্দিকুর রহমান বলেন, আমাদের পরিকল্পনা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে আসার পর তাঁকে নিয়েই কর্মসূচি পালন করব। কিন্তু মনে হচ্ছে এ বছরও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বসবেনা। এটি ভার্চুয়ালি হওয়ার সম্ভাবনাই বেশী। আর তাই পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে।

এ সময়, যে সকল স্টেটে এখনও কমিটি গঠিত হয়নি সেই কমিটিগুলো গঠন করতে খুব শীঘ্রই উদ্যোগ নেয়া হবে বলে জানান যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতৃবৃন্দ। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ বলেন, করোনার এই বিপর্যয়ের সময় সরকার একটি যুগোপযোগী বাজেট দিয়েছে। তিনি দেশের মানুষের কল্যাণার্থে ঘোষিত বাজেটের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালকে অভিনন্দন জানান।

সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহ সভাপতি শামসুদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম, কার্যকরী সদস্য শাহানারা রহমান, জহির উদ্দিন, মুক্তিযোদ্ধা মজিবুল মওলা প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension