
নিউ জার্সির প্রাইমারি নির্বাচনে ‘কমিটি পারসন’ পদে সুব্রত চৌধুরীর জয়
নিউ জার্সি রাজ্যের প্রাইমারি নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন বাংলাদেশি আমেরিকান সুব্রত চৌধুরী। গত ৮ জুন অনুষ্ঠিত এই নির্বাচনে দুই বছর মেয়াদি ডেমোক্র্যাট দলীয় আটলান্টিক কাউন্টির ‘কমিটি পার্সন’ পদে তিনি জয়ী হয়েছেন।
সুব্রত চৌধুরীর জন্ম বাংলাদেশের চট্টগ্রামে। তাঁর গ্রামের বাড়ি পটিয়া উপজেলার কচুয়াই গ্রামে। ২০১২ সালে তিনি অভিবাসীর মর্যাদা নিয়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে আসেন। যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই তিনি সংবাদমাধ্যমের সাথে যুক্ত হয়ে নিরলসভাবে কমিউনিটি সংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন এবং বস্তুনিষ্ঠ সাংবদিকতার জন্য কমিউনিটির সর্বমহলে তিনি বেশ প্রশংসিত এবং পুরস্কৃতও হয়েছেন।
সুব্রত চৌধুরী সাংবাদিকতার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের বাংলা মাধ্যমের সংবাদপত্র, সংকলনে নিয়মিত ছড়া, কবিতা, গল্প লিখে থাকেন। অনুবাদক হিসেবেও তাঁর খ্যাতি আছে। ইতোমধ্যে ছড়া গ্রন্থ ‘বিশ্ব বেহায়া’ ও ‘আতু বুতু কাতু কুতু’ শিরোনামে তাঁর রূপকথার বই প্রকাশিত হয়েছে। আবৃত্তি শিল্পী হিসাবে প্রবাসের সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার সদর্প বিচরণ রয়েছে।
আটলান্টিক সিটির পরিচিত ও প্রিয় মুখ সুব্রত চৌধুরী সামাজিক কর্মকাণ্ডেও নিজেকে সক্রিয় রেখেছেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউনটি, এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল), সাউথ জার্সি পয়েটস কালেকটিভ, এনএএসিপি, সাউথ জার্সি ফেইথ গ্রুপ, হিসপ্যানিক অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে সামাজিক কর্মকাণ্ডে নিজেকে ব্যাপৃত রেখেছেন।
সুব্রত চৌধুরী যুক্তরাষ্ট্রের মূলধারার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও নিজেকে সক্রিয় রেখেছেন। সুব্রত চৌধুরী ইউনাইটেড স্টেট প্রেস এজেন্সি ও আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের একজন সদস্য। তিনি যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের কার্যকরী কমিটিরও সদস্য। কমিউনিটি সেবায় ভূমিকা রাখায় তিনি প্রভাবশালী কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউয়ের কাছ থেকে ‘কংগ্রেসনাল প্রোক্লেমেশন’ এবং নিউ জার্সি রাজ্য সিনেটর ক্রিস ব্রাউনের কাছ থেকে ‘সিনেট কমেন্ডেশান’ লাভ করেছেন।
প্রাইমারি নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিসাবে তাঁর ওপর আস্থা রেখে তাকে মনোনয়ন দেয়ায় এবং তাকে সর্বাত্মক সহযোগিতার জন্য তিনি আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাট দলের চেয়ারম্যান মাইক সুলেমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। উল্লেখ্য, সুব্রত চৌধুরী ২০১৯ সালের নভেম্বরে অনুষ্ঠেয় আটলান্টিক সিটি স্কুল বোর্ডের নির্বাচনেও বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। গতবারের মতো এবারও তাঁকে বিজয়ী করায় তিনি তাঁর নির্বাচনী এলাকার ভোটারদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।



