
মোশাররফ করিমসহ ৫ জনের বিরুদ্ধে মানহানি মামলা
অভিনেতা মোশাররফ করিম, বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষসহ পাঁচজনের বিরুদ্ধে কুমিল্লার এক আদালতে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছেন এক আইনজীবী।
‘হাই প্রেসার-২’ নামে একটি নাটকে আইনজীবীদের হেয় প্রতিপন্ন করে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ এনে মামলা করা হয়েছে বলে জানা গেছে।
রোববার কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬নং আমলি আদালতে মামলাটি করেন কুমিল্লা জেলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবী মো. রফিকুল ইসলাম হোসাইনী।
মামলায় অভিনেতা মোশাররফ করিম, অভিনেতা জামিল হোসেন, ফারুক আহমেদ, আদিবাসী মিজান ও বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।
বাদীপক্ষের শুনানি শেষে আদালত মামলাটি আমলে নেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ মামলাটি তদন্ত সাপেক্ষে আগামী ১৮ আগস্ট রিপোর্ট দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আইন পেশার জন্য মানহানিকর। তাই শুনানি শেষে আদালত অভিযোগটি আমলে নিয়ে আগামী ১৮ আগস্ট প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দেন। আশা করি আমরা ন্যায়বিচার পাব।



