
বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুক্রবার শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবারই প্রথম ঢাকার পাশাপাশি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (রংপুর) ভর্তিচ্ছুরা পরীক্ষায় অংশ নেয়। করোনা মহামারির কারণে পরীক্ষাকে রাজধানী ঢাকা থেকে বিকেন্দ্রীকরণের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তিচ্ছুদের অর্থ সাশ্রয়, দুর্ভোগ লাঘব এবং করোনার সংক্রমণ রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর ফলে শুধু প্রথম দিনেই প্রায় ৬০ হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কষ্ট লাঘব হয়েছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন তারা।
আজ একইভাবে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় ২ হাজার ৩৭৮টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪৭ হাজার ৬৩২টি। এর মধ্যে ১৮ হাজার ৮৫০ জন ঢাকায় পরীক্ষায় অংশ নেবেন। বিভাগীয় শহরগুলোতে ২৮ হাজার ৮৮২ শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। অর্থাৎ আজ আরও প্রায় ২৯ হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ঢাকায় আসার ভোগান্তি থেকে রেহাই পাচ্ছেন। এভাবে অন্য ইউনিটগুলোর পরীক্ষাও অনুষ্ঠিত হবে।
ঢাকায় কেন্দ্র থাকা অবস্থায় বিগত কয়েক বছরে প্রশ্নফাঁস ও ডিজিটাল জালিয়াতির আশ্রয় নিয়ে শতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়। সংশ্লিষ্টরা ধারণা করেছিলেন, যেখানে ঢাকায় পরীক্ষা নিয়ে জালিয়াত ঠেকানো যাচ্ছিল না, সেখানে ঢাকার বাইরে পরীক্ষা নিলে প্রশ্নফাঁস বা জালিয়াতির শঙ্কা বাড়বে। এ কারণে শিক্ষাবিদরা ভর্তি পরীক্ষার কেন্দ্র বিভাগীয় শহরে করাকে ঢাবির জন্য চ্যালেঞ্জ হিসাবে দেখেছিলেন। তবে কড়া নিরাপত্তা, ডিজিটাল মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির কারণে প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন করে সেই চ্যালেঞ্জ উতরে গেছে কর্তৃপক্ষ।
‘ক’ এই ইউনিটে ১ হাজার ৮১৫ আসনের বিপরীতে আবেদন করে ১ লাখ ১৭ হাজার ৯৫৭ শিক্ষার্থী। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর ও বাইরের মোট ৭৯টি কেন্দ্রে ৫৮ হাজার ৬০৩ জন এবং সাত বিভাগের কেন্দ্রে ৫৯ হাজার ৬০৩ শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। কত শিক্ষার্থী শুক্রবার পরীক্ষায় অংশ নিয়েছে তা এদিন জানাতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী জানান, প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থী এদিন অংশ নিয়েছেন বলে প্রাথমিকভাবে আমরা মনে করছি। কাল (আজ) এ বিষয়ে জানাতে পারব।
শুক্রবার বেলা ১১টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলে সকাল ৭টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা আসতে থাকেন। এ সময় অধিকাংশ অভিভাবকই স্বাস্থ্যবিধি মানায় ছিলেন উদাসীন। তবে স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষায় অংশ নিয়েছেন শিক্ষার্থীরা।
সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের দুটি কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বেরিয়ে তিনি বলেন, প্রথমবারের মতো এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের বিভাগীয় সাতটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হচ্ছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি কেন্দ্র পরিদর্শন করেছি এবং বাকি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে আমার কথা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং শিক্ষকরা প্রত্যেকটি কেন্দ্র পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত কোনো ধরনের অবৈধ বা বিতর্কিত কিছু ঘটেনি। অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
প্রশ্নফাঁসকারী ও জালিয়াতচক্রের ফাঁদে পা না দিতে পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, আমরা বরাবরই অনিয়ম-জালিয়াতির বিরুদ্ধে সোচ্চার। বিভিন্ন সময় জালিয়াতি করা ৮৯ জন শিক্ষার্থীকে আমরা ভর্তি বাতিল করে আইনের আওতায় নিয়ে এসেছি। ড. আখতারুজ্জামান আরও বলেন, আমি লক্ষ করেছি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সবাই স্বাস্থ্যবিধি মানছেন। তবুও আমি অনুরোধ করব কোনোভাবেই যেন স্বাস্থ্যবিধি ভঙ্গ না করেন, সবাই মাস্ক ব্যবহার করবেন। অভিভাবকদের কাছে অনুরোধ, আপনারা অযথা ভিড় করবেন না। সুন্দরভাবে পরীক্ষাগুলো সম্পন্ন করতে সবার সহযোগিতা প্রত্যাশা করছি।
পরীক্ষা শেষে প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পারি পরীক্ষার আগের দিন কিছু স্বার্থান্বেষী ব্যক্তি গুজব রটিয়েছে। আমরা এসব প্রতারকচক্রকে খুঁজে বের করে ব্যবস্থা নিতে ইতোমধ্যে কাজ শুরু করেছি। গুজব থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।
রাজধানীর ডেমরা থেকে ঢাবি ক্যাম্পাসে আসা অভিভাবক ফারজান হক বলেন, আগে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হতো তখন রাজধানীজুড়েই তীব্র যানজটের সৃষ্টি হতো, কিন্তু এবার সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। এর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ। আরেক অভিভাবক আব্দুর রশিদ বলেন, এবার ভর্তি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় আমরা খুশি। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, অন্য বিশ্ববিদ্যালয়গুলো যদি তাদের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে নেয় তাহলে আমাদের টাকা ও সময় উভয়ই সাশ্রয় হতো।
পরীক্ষার সুযোগ পেল করোনা রোগী
আবেদনের পরিপ্রেক্ষিত করোনাভাইরাসে আক্রান্ত এক শিক্ষার্থীকে ঢাবির মেডিকেল সেন্টার থেকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার এ শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়। ওইদিনই তিনি বিজ্ঞান অনুষদের ডিনের কাছে আবেদন করেন। অন্য ভর্তিচ্ছুর মতোই বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা চিকিৎসাকেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ শিক্ষার্থীকে সময় দেওয়া হয়।
‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়ক এবং জীববিজ্ঞান অনুষদের ডিন মিহির লাল সাহা বলেন, ‘আমাদের একজন শিক্ষক পরিদর্শকের দায়িত্বে ছিলেন। চিকিৎসা কেন্দ্রের নার্স এবং পরিচালক সহযোগিতা করেছেন।’ মেডিকেল সেন্টারের পরিচালক ডা. সারওয়ার জাহান মুক্তাফি বলেন, পরীক্ষার দেড় ঘণ্টা আমরা ওই পরীক্ষার্থীর কাছ থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করি। ওই শিক্ষার্থীর হাতে গ্লোভস ছিল। একজন শিক্ষক পরিদর্শকের দায়িত্বের বাইরে দাঁড়িয়ে ছিলেন। উনার পক্ষ হয়ে আমাদের একজন নার্স খাতায় স্বাক্ষর করেছেন। পরীক্ষা শেষে খাতাটি পলিথিনে মুড়িয়ে আমরা সংগ্রহ করেছি।
শিক্ষর্থীদের জন্য হেল্প ডেস্ক
পরীক্ষার নির্ধারিত স্থান খুঁজে পেতে দুর্ভোগ পোহাতে হয় অনেক ক্ষেত্রে। সে বিষয়টা মাথায় রেখে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যে কোনো তথ্য সহায়তা, দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য প্রতিবছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোগে বসেছে ‘হেল্প ডেস্ক।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক, সাংস্কৃতিক, জেলা সংগঠনগুলো হেল্প ডেস্ক বসিয়ে সহযোগিতা করে শিক্ষার্থীদের। এছাড়া ছাত্র সংগঠনগুলোর মধ্যে ছাত্রলীগ, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের হেল্প ডেস্ক দেখা যায়।
তথ্য সরবরাহের পাশাপাশি তারা মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, চলাচলের সুবিধার্থে বাইক সার্ভিস, কলম ও আনুষঙ্গিক শিক্ষা উপকরণ বিতরণ, সুপেয় খাবার পানির ব্যবস্থা, শিক্ষার্থীদের ব্যবহৃত অথচ পরীক্ষা কেন্দ্রে বহন অনুপযোগী জিনিসপত্র রাখার ব্যবস্থা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হুইলচেয়ার ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ, অভিভাবকদের বিশ্রাম গ্রহণের ব্যবস্থা, তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদানের জন্য মেডিকেল ক্যাম্পও করে। অনেক শিক্ষার্থী ও অভিভাবক স্বেচ্ছাসেবকদের সহযোগিতা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শাটল ট্রেনে চড়ে চবিতে
চট্টগ্রাম ব্যুরো জানায়, শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন থেকে পরীক্ষার্থীদের জন্য একটি ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উদ্দেশে ছেড়ে যায়। সকাল সাড়ে ৯টায় তা বিশ্ববিদ্যালয় স্টেশনে পৌঁছায়। এছাড়া নানা মাধ্যমে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ে আসতে শুরু করে পরীক্ষার্থী ও অভিভাবকরা।
সূত্র জানায়, ১১ হাজার ২১০ জনের আসন পড়ে চবি কেন্দ্রে। এদিন পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ৭০০ জন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৫১৯ পরীক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ, কলা ও মানববিদ্যা অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ এবং ব্যবসায় প্রশাসন অনুষদে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিকে দেড় বছরেরও বেশি সময় পর শাটল ট্রেন গেল ক্যাম্পাসে। করোনা সংক্রমণের কারণে গত বছরের মার্চ থেকেই ক্যাম্পাস বন্ধ ছিল। বেলা পৌনে ২টায় চবি থেকে নগরীর উদ্দেশে ছেড়ে আসে শাটল ট্রেন। এ সময় অনেক শিক্ষার্থী স্মৃতি হিসাবে শাটল নিয়ে সেলফি তুলতে ব্যস্ত ছিলেন।
শাবিতে উপস্থিতির হার ৭৭.৩৪ শতাংশ
শাবি প্রতিনিধি জানান, সিলেট বিভাগীয় কেন্দ্র ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ‘ক’ ইউনিটের পরীক্ষায় কেন্দ্রের সমন্বয়ক বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার। তিনি বলেন, সিলেট বিভাগের মোট আবেদনকারী ছিল ৩৩০৫ জন। উপস্থিত ছিল ২৫৫৬ জন, অনুপস্থিত ৭৪৯ জন। উপস্থিতির হার ছিল ৭৭.৩৪ শতাংশ। তিনি আরও বলেন, অত্যন্ত সুশৃঙ্খলভাবে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। এ পর্যন্ত কোনো প্রকার জালিয়াতির অভিযোগ পাওয়া যায়নি।
খুলনায় উপস্থিতির হার ৮২ শতাংশ
খুলনা ব্যুরো জানায়, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাস ছাড়াও আরও ৩ স্থানে অনুষ্ঠিত হয়। এগুলো হলো কেসিসি উইম্যান্স কলেজ, হোপ পলিটেকনিক এবং রেভার অ্যান্ড পল প্রতিষ্ঠানে। খুবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস জানান, এসব প্রতিষ্ঠানে উপস্থিতির হার ছিল প্রায় ৮২ শতাংশ।
খুবি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, করোনায় এটা (বিকেন্দ্রীকরণ) ভালো সিদ্ধান্ত। কারণ এই হাজার হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ঢাকায় যেতে যে ভোগান্তি ও আর্থিক ব্যয় হয় তা থেকে এবার তারা পরিত্রাণ পাচ্ছেন। অভিভাবক ও শিক্ষার্থীরা এটি খুবই ইতিবাচকভাবে নিয়েছেন। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও আমরা সবাই নিজেদের পরীক্ষা মনে করেই দায়িত্ব পালন করছি। আমরা আশা করছি এই সাফল্য কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, অন্যান্য বড় বিশ্ববিদ্যালয়গুলো ভবিষ্যতে পরীক্ষার্থী ও অভিভাবকদের কথা বিবেচনা করে এমন পদক্ষেপ নেবেন। এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসেন আরা, এ ভর্তি পরীক্ষার ফোকাল পয়েন্ট ও চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম সেখানে ছিলেন।
বরিশালে উপস্থিতি ৭৯.২৪ ভাগ
বরিশাল ব্যুরো জানায়, বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) দুই হাজার ৭১৪ শিক্ষার্থী অংশ নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, এ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা সার্বিকভাবে উপকৃত হয়েছে। ব্যয় ও কষ্ট লাঘব হয়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ৯টি কেন্দ্র ছাড়াও সরকারি মহিলা কলেজে ১টি উপকেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট পরীক্ষার্থী তিন হাজার ৪২৫ জনের মধ্যে ৭১১ জন অংশ নেননি। উপস্থিতির হার ৭৯.২৪ ভাগ।



