বাংলাদেশ

সারাদেশে মাদকবিরোধী অভিযান: ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৯

রূপসী বাংলা ডেস্ক:মাদকবিরোধী অভিযানে দেশের ৭ জেলায় র‌্যাব ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসব অভিযানে আহত হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ১০ জন সদস্য।

জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

কুষ্টিয়া: জেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে ২ জন। এতে পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, এলজি, গুলি, ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

গাইবান্ধা: পলাশবাড়িতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে অভিযুক্ত জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী রাজু নিহত হয়েছে। এ সময় র‌্যাবের ২ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিপুল গাঁজা ও বিদেশি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব।

ফেনী: ফেনীতে মাদক ব্যবসায়ীদের সঙ্গে র‌্যাবের বন্দুকযুদ্ধের পর একজনের মৃতদেহ উদ্ধার করেছে র‍্যাব। সেখান থেকে একটি প্রাইভেট কার, বিপুল ইয়াবা, আগ্নেয়াস্ত্র, গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহতের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদকসহ কয়েকটি মামলা রয়েছে।

রংপুর : রংপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শাহিন মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত শাহিন মিয়া তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।

বুধবার ভোরে সদর উপজেলার হাজিরহাট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে এক বস্তা ফেনসিডিল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ।

কুমিল্লা: জেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৯ মামলার আসামি এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সে সময় কোতয়ালী মডেল থানার তদন্ত কর্মকর্তা সালাউদ্দিনসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।

জামালপুর: জেলায় কথিত বন্দুকযুদ্ধে মোশারফ হোসেন বিদ্যুৎ (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সদর থানা পুলিশের ওসি। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১ হাজার পিস ইয়াবা ও ১শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জামালপুর শহরের ছনকান্দা বালুর ঘাট পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে বুধবার দিবাগত রাত ৩টায়  মাদক ব্যবসায়ী ও পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ঠাকুরগাঁও : সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলতাফুর নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার ভোর ৪টার দিকে উপজেলার ভাতারমাড়ী ফার্ম নামক স্থানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

লালমনিরহাট: জেলার সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এশার আলী (৩৫) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। বুধবার ভোরে উপজেলার ধরলার চরাঞ্চলে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত এশার আলী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি ও লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের দুই জেলার সীমান্তের এন্তাজ আলীর ছেলে।

মাদক নির্মূলে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশের পর দেশের বিভিন্ন জেলায় গত কয়েকদিনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension