
আটলান্টিক সিটিতে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে খাদ্য সহায়তা
আটলান্টিক সিটি প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ‘ফুড ব্যাংক’ কার্যক্রমের আওতায় খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। ১৬ ডিসেম্বর আটলান্টিক সিটির ফেয়ারমাউন্ট এভিনিউয়ে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি এ খাদ্য সহায়তা প্রদান করে। ওইদিন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত খাদ্য সহায়তা দেওয়া হয়।
বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ফুড ব্যাংক কার্যক্রমের আওতায় ‘খাদ্য সহায়তা’ কমিউনিটিতে বেশ সাড়া ফেলে। আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ খাদ্য সহায়তা কার্যক্রমে অংশ নেয়। কার্যক্রমে দুধ, মাছ, তাজা শাকসব্জি ও ফলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এই খাদ্য সহায়তা প্রসঙ্গে বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল জানান, বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তীর আনন্দ এই দূর প্রবাসে সবার সাথে ভাগ করে নেওয়ার লক্ষ্যেই তাদের এই প্রয়াস।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি তাদের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসাবে দীর্ঘদিন ধরে ফুড ব্যাংক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশেষ করে করোনাকালীন দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়ে সংগঠনের কর্মকর্তারা যেভাবে ফুড ব্যাংকের কার্যক্রম অব্যাহত রেখেছিল তা আটলান্টিক সিটির সর্বমহলে বেশ প্রশংসিত হয়েছিল । এর ফলে প্রবাসী বাংলাদেশিদের ভাবমূর্তিও উজ্জ্বল হয়েছিল।
বাংলাদেশি আমেরিকানসহ আটলান্টিক সিটির অন্যান্য কমিউনিটির লোকজনও খাদ্য সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করায় ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক।



