প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকাকে গণধর্ষণে গর্ভের সন্তান নষ্ট
ঢাকার ধামরাইয়ে প্রেমে ব্যর্থ হয়ে সঙ্গীদের নিয়ে গণধর্ষণ করেছে প্রেমিকাকে। এতে প্রেমিকার গর্ভে থাকা তিন মাসের সন্তান নষ্ট হয়েছে। এ ঘটনায় ধামরাই থানা পুলিশ রিফাত হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে।
শনিবার কারখানার ভেতর থেকে কৌশলে বাইরে ডেকে এনে একটি ইটভাটার পরিত্যক্ত ঘরে নিয়ে সংঘবদ্ধ দলটি ধর্ষণের ঘটনাটি ঘটায়। ধর্ষিতা ওই নারী শ্রমিক একটি টেক্সটাইল মিলে কাজ করেন।
সোমবার বিকালে ধামরাই উপজেলার সূয়াপুর এলাকায় অভিযান চালিয়ে রিফাত হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় বাদী হয়ে হয়ে ধর্ষিতা ওই নারী শ্রমিকের স্বামী ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছে পুলিশি সূত্র।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ওই নারী শ্রমিকের সঙ্গে রিফাত হোসেনের দীর্ঘদিন ধরে গভীর প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের সদস্যরা রিফাতের কাছে বিয়ে না দিয়ে ওই নারী শ্রমিককে অন্যত্র বিয়ে দেন। বিয়ের পর ওই নারী শ্রমিক তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
এরপরও ওই নারী শ্রমিককে বান্ধবীদের দিয়ে কৌশলে ডেকে এনে ইটভাটার একটি পরিত্যক্ত ঘরে নিয়ে রিফাত, সাইফুল ও সুমন মিলে পালাক্রমে ধর্ষণ করে। এতে ওই তরুণীর গর্ভে থাকা তিন মাসের সন্তান নষ্ট হয়ে যায়। রক্তক্ষরণ হতে থাকলে ভয় পেয়ে ধর্ষকরা দৌড়ে পালিয়ে যায়।
তাদের দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা দ্রুত ইটভাটার ওই পরিত্যক্ত ঘরে গিয়ে ওই নারী শ্রমিককে কাতরাতে দেখেন। এরপর তাকে উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এরপর ধর্ষিতার জবানবন্দি শুনে তার স্বামী এ ব্যাপারে ধামরাই থানায় রিফাত হোসেন, সাইফুল ইসলাম ও সুমন আহাম্মেদকে আসামি করে একটি মামলা করেন। এরপর বিকালে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সুয়াপুর এলাকা থেকে রিফাত নামের ওই ধর্ষককে গ্রেফতার করে।
ওই নারী শ্রমিকের স্বামী বলেন, আমার স্ত্রীর গর্ভে তিন মাসের বাচ্চা ছিল। নরপশুদের পাশবিকতার কারণে বাচ্চা নষ্ট হয়ে গেছে। আমার স্ত্রীর অবস্থাও ভালো নয়। তাই আমার স্ত্রী-সন্তানের সঙ্গে যারা এমন অমানবিক কাজ করেছে তাদের ফাঁসির দাবি জানাই।
এ বিষয়ে ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, গণধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযান চালিয়ে উপজেলা সুয়াপুর এ ঘটনার মূলহোতা রিফাত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। অপর ধর্ষকদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



