
ক্যালিফোর্নিয়ায় দাবানলের ঝুঁকিতে বিশ্বের সবচেয়ে বড় গাছের বন
দাবানল বাড়তে থাকায় বিশ্বের সবেচেয়ে বড় গাছ জায়ান্ট সেক্যুইজের বন পুড়ে যাওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে।
যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে আছে এই গাছের সবচেয়ে বড় বন।
সেখানকার ওয়াশবারন পয়েন্টে শুরু হওয়া দাবানল গত ২৪ ঘণ্টায় দ্বিগুণ বেড়ে গেছে। ইতোমধ্যেই পুড়ে গেছে ১,৫৯১ হেক্টর বনাঞ্চল।
অগ্নিনির্বাপণকর্মীরা দুর্গম ওই এলাকায় বিশ্বের সবচেয়ে বড় ও পুরনো এই গাছগুলোর কিয়দংশ রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
দাবানলের কাছের এলাকায় থাকা বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে ধোঁয়ার কারণে ওই অঞ্চলের বাতাসে দূষণ বেড়েছে এবং পার্কের মনোরম দৃশ্য ঢাকা পড়েছে।
গত ৭ জুলাই শুরু হয় এ দাবানল। এতে ঝুঁকিতে পড়েছে মারিপোজা বনের অন্তত পাঁচশ’ জায়ান্ট সেক্যুইজ।
এগুলোর মধ্যে রয়েছে প্রায় তিন হাজার বছর পুরনো বিখ্যাত গাছ গ্রিজলি জায়ান্ট। তবে এখন পর্যন্ত এ গাছগুলোর কোনওটিই আগুনে পুড়ে যায়নি।
ইয়োসেমাইটের ‘ফায়ার এন্ড অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট’ বিভাগ জানিয়েছে, গাছগুলোকে রক্ষায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
এজন্য গাছগুলোর চারপাশে আদ্রতা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এলাকাটি থেকে সম্ভাব্য সব জ্বালানিও সরিয়ে নেওয়া হচ্ছে।
ওয়াশবার্নে দাবানলের কারণে ইতোমধ্যে প্রায় এক হাজার ৬০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ন্যাশনাল পার্কে বসবাসকারী ওয়াওনা জনগোষ্ঠীও আছে।
দাবানলের কারণ এখনও খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিনির্বাপণ কর্মকর্তারা জানিয়েছেন, শুস্ক ও গরম আবহাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে উঠছে।
বিবিসি জানায়, জায়ান্ট সেক্যুইজ প্রজাতির গাছের সবচেয়ে বড়টি ৮৩ মিটার (২৭৫ ফুট) দীর্ঘ এবং ব্যাস ১১ মিটারের (৩৬ ফুট) বেশি। এই গাছগুলোর জীবনকালও অস্বাভাবিকরকম বেশি।
গাছগুলো প্রায় তিন হাজার বছর বাঁচতে পারে। ক্যালিফোর্নিয়ায় গতবছর দাবানলে হাজার হাজার জায়ান্ট সেক্যুইজ পুড়ে ধ্বংস হয়ে গেছে।
কর্মকর্তারা বলছেন, এবছর যুক্তরাষ্ট্রে দাবানলের ঘটনা ঘটেছে ৩৫ হাজারেরও বেশি। এ সংখ্যা দেশটিতে দাবানলের গড় সংখ্যার চেয়ে অনেক বেশি।



