
কিমকে এক মিনিটেই ‘বুঝবেন’ ট্রাম্প!
রূপসী বাংলা ডেস্ক:প্রথম এক মিনিটেই বোঝা যাবে বৈঠকের গতিপ্রকৃতি। উত্তর কোরিয়া কতটা তৎপর, প্রথম কয়েক মুহূর্তেই তা নিয়ে নিশ্চিত হওয়া যাবে। সিঙ্গাপুরে কিমের সঙ্গে বৈঠকের ব্যাপারে এমনই আত্মবিশ্বাসী সুর মার্কিন প্রেসিডেন্টের গলায়।
ট্রাম্পের প্রশাসনের তরফের আগেই জানানো হয়েছে, পরমাণু নিরস্ত্রীকরণে তিনটি বিষয়ে গুরুত্ব দিচ্ছে হোয়াইট হাউজ। এক, উত্তর কোরিয়াকে এই বিষয়ে পাকাপাকি সিদ্ধান্ত নিতে হবে। দুই, পরমাণু নিরস্ত্রীকরণে যথাযোগ্য প্রমাণ দাখিল করতে হবে। তিন, পারস্পরিক চুক্তি অনুযায়ী সিদ্ধান্তে অনড় থাকতে হবে উত্তর কোরিয়াকে। পাশাপাশি ১৯৫৩ সালের কোরীয় যুদ্ধের শান্তি বিষয়ে চূড়ান্ত ফয়সালা নেওয়া হবে এই বৈঠকে।
আলোচিত এ বৈঠক নিয়ে কানাডায় অনুষ্ঠিত জি-সেভেন সম্মলনের মাঝে সাংবাদিকদের শনিবার ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এমন এক রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক হতে চলেছে, যার ব্যক্তিগত সম্পর্কের অনেক তথ্যই বিশ্বের কাছে অজানা।’
এই বৈঠকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন চমকপ্রদ কিছু করতে পারেন বলে দাবি ট্রাম্পের। সিঙ্গাপুরের বৈঠক নিয়ে যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।
ট্রাম্প বলেন, ‘আমরা ভীষণ ইতিবাচক ভাবনায় এগোচ্ছি। সাংহাইয়ে উত্তর কোরিয়ার প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক আলোচনা হয়েছে। আমাদের প্রতিনিধিও সিঙ্গাপুরে পৌঁছে সব ধরনের প্রস্তুতি নিয়েছে।’
এই বৈঠক ঘিরে বেশ কিছুদিন ধরে দুই দেশের সঙ্গে টালবাহানা চলছিল। কিম পরমাণু নিরস্ত্রীকরণে প্রতিশ্রুতি দিলেও দক্ষিণ কোরিয়া-মার্কিন যুক্তরাষ্ট্রে যৌথ মহড়ার পরিপ্রেক্ষিতে ফের হুঁশিয়ারি দেন তিনি। এর পরেই সিঙ্গাপুরের বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প।
পরবর্তীকালে এই বৈঠককে বাস্তবায়িত করতে উদ্যোগী হয় সিউল। শেষ পর্যন্ত বৈঠকটি হতে চলেছে এবং রবিবার সকালেই সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কিম জং উন।



