
লটারি জিতে এক রাতে কোটিপতি অটোরিকশাচালক
লটারি জিতে এক রাতের ব্যবধানে ২৫ কোটি রুপির মালিক হয়েছেন অনুপ নামে ভারতের কেরালার এক অটোরিকশাচালক। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, রোববার তিনি ওনাম বাম্পার নামে এই লটারি জিতে নিয়েছেন।
তিরুবনন্তপুরম জেলায় এই লটারি ছাড়ে ভাগ্যবতি এজেন্সি নামে একটি প্রতিষ্ঠান। সেখানে প্রথম পুরস্কার ঘোষণা করা হয় ২৫ কোটি রুপি। প্রচারণা দেখে শেষ সময় শনিবার রাতে ৫শ’ রুপি দিয়ে একটি লটারি কেনেন তিনি। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী লটারির ড্র হয় রোববার দুপুরে। এতে প্রথম পুরস্কারের নম্বরের সঙ্গে মিলে যায় অটোচালক অনুপের লটারির নম্বর।
আর এতেই রাতারাতি কোটিপতি বনে যান কেরালার ওই দিনমজুর। লটারি কর্তৃপক্ষ জানায়, ঘোষণা অনুযায়ী, প্রথম পুরস্কার ২৫ কোটি, দ্বিতীয় পুরস্কার ৫ কোটি আর তৃতীয় পুরস্কার হিসেবে ১ কোটি রুপি করে দেওয়া হয় ভাগ্যবান ১০ জনকে।
তবে প্রথম বিজয়ী ২৫ কোটি রুপি জিতলেও সরকারি কর কেটে যাওয়ার পর হাতে পেয়েছেন ১৫ কোটি ৭৫ লাখ রুপি। লটারি জয়ের অনন্দে পরিবার, প্রতিবেশী এবং বন্ধুদের নিয়ে রাতেই পার্টি করেছেন ওই অটোরিকশাচালক।



