
‘গল্প বানাতে চ্যাম্পিয়ন আওয়ামী নেতারা’
রূপসী বাংলা ডেস্ক:রাজনীতি থেকে প্রধান নেতৃত্বকে মাইনাস করার তত্ত্ব বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মাথা থেকে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বেগম জিয়া বিদেশ যাওয়ার জন্য ইউনাইটেডে চিকিৎসা নিতে চান- বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের এ বক্তব্যের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ‘কাল্পনিক বানানো গল্পে চ্যাম্পিয়ন আওয়ামী নেতারা। জনাব বাণিজ্যমন্ত্রী আপনি ভূলে গেছেন, কারাগার থেকে চিকিৎসার নামে বিদেশে যাওয়ার ইতিহাস ও ঐতিহ্য আপনার নেত্রীর। রাজনীতি থেকে প্রধান নেতৃত্বকে মাইনাস করার তত্ত্ব আপনাদের কয়েকজনের মাথা থেকে এসেছে এরকম একটা ধারণা জনগন পোষন করে। এক্ষেত্রে বহুল প্রচারিত মাইনাস টু তত্ত্ব আপনাদেরই মানস সন্তান।’
তোফায়েল আহমেদকে উদ্দেশ্য করে রুহুল কবির রিজভী বলেন, আমার প্রশ্ন, আপনারা কী এখন মাইনাস টুতে আছেন, না মাইনাস ওয়ানে আছেন? এটা একটু খোলাসা করে জনগনকে জানাবেন কী?
বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব আরো বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এমন নেত্রী, যাকে জোর করে দেশ থেকে পাঠানো যায়নি। কিন্তু আপনার নেত্রী সহজেই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। বেগম খালেদা জিয়ার অনঢ় ও অনমনিয়তার কারণে ১/১১’র সরকার ব্যর্থ হয়েছে। যে কারণে শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং আপনি (তোফায়েল আহমেদ) মন্ত্রী হয়েছেন।



