
ঘূর্ণিঝড়ের প্রভাবে ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে নিহত ৩১
উপকূলীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্যা ও ভূমিধসে ফিলিপাইনে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে। উদ্ধারকর্মীরা এখনো নিখোঁজদের সন্ধানে তৎপরতা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে আসন্ন ঘূর্ণিঝড় ন্যালগার পথ থেকে হাজার হাজার মানুষকে সরিয়েও নেয়া হয়েছে। খবর রয়টার্স।
প্রস্তুতি সত্ত্বেও ঘূর্ণিঝড় মোকাবেলা নিয়ে শঙ্কায় রয়েছে ম্যানিলা সরকার। আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ফিলিপাইন সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় ঝড়টি আরো তীব্র হতে পারে।
এরই মধ্যে বন্ধ করে দেয়া হয়েছে স্কুল, কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠান। বাতিল করা হয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক ফ্লাইট। স্থবির হয়ে পড়েছে বেশ কয়েকটি বন্দরের কার্যক্রম।
সাম্প্রতিক সময়ে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রায়ই ভূমিধস ও বন্যার শিকার হচ্ছে ফিলিপাইন। বছরে গড়ে অন্তত ২০টি টাইফুন দেখে দেশটি। এবারের ঝড় ন্যালগা ঘণ্টায় ৪৭ মাইল বেগে ধেয়ে আসছে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের দিকে। আজ রাত পর্যন্ত এটি চূড়ান্ত আঘাত হানতে পারে।



