
দুই কিশোরের মৃত্যুদণ্ড বহাল রাখল ইরান
দুই কিশোরের মৃত্যুদণ্ড বহাল রেখেছে ইরানের বিচার বিভাগ। ওই কিশোররা দেশটিতে চলমান সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিল।
ইরানের বিচার বিভাগের এক ওয়েবসাইটে মঙ্গলবার জানানো হয়, ১৮ বছর বয়সী মেহেদি মোহাম্মদিফার্ডকে ‘স্রষ্টার বিরুদ্ধে যুদ্ধ’ এবং ‘পৃথিবীতে দুর্নীতির’ অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এতে আরও বলা হয়, মেহেদি পানির বোতল ও পেট্রল ব্যবহার করে মোলোতভ ককটেল তৈরির কথা স্বীকার করেছেন।
এদিকে ১৯ বছর বয়সী মোহাম্মদ বরোঘানির মৃত্যুদণ্ডও বহাল রাখা হয়েছে। তার পরিবার এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাসহ বিভিন্ন অধিকার গোষ্ঠীর পক্ষ থেকে আবেদন সত্ত্বেও বরোঘানির মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত বাতিল করা হয়নি।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানায়, কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যু ঘিরে ইরানে গত সেপ্টেম্বর থেকে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ইরানে তরুণ প্রজন্মের নারী-পুরুষ বিক্ষোভের অগ্রভাগে রয়েছে। ইরানের ক্ষমতাসীন সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছে তারা। সে কারণেই বিক্ষোভকারীদের দমাতে ব্যাপক দমন-পীড়ন চালাচ্ছে সরকার। বিক্ষোভে অংশ নেয়ায় ইতিমধ্যে ২৩ বছর বয়সী দুই তরুণের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।



