
শ্যামল বণিক অঞ্জন
এখন কবিতা লেখার সময় নয়,
কবির জীবন আজ সঙ্কটাপন্ন।
কবি মাঝে মধ্যেই উপোস করে-
জোগাড় হয় না এক মুঠো চালের পয়সা
নুন আনতে পান্তা ফুরায় রোজ।
একটা কলমের জন্য স্বভাব কবির
কবিতাগুলো অভাবের অতলে হারায় প্রায়শই।
বাস্তবতার জাঁতাকলে পিষ্ট—
কবির সমস্ত আবেগ আর অনুভূতি।
ধুলোপড়া ডায়েরির ভাঁজে ভাঁজে-
উইপোকা গড়েছে নিরাপদ বসতি।
তিরস্কার করে প্রতিনিয়ত অসমাপ্ত পাণ্ডুলিপি,
জীবন সংগ্রামে লিপ্ত নির্বিকার কবিপত্নী
ছেঁড়া শাড়ির আঁচলে লুকোয় স্তনযুগল,
সংসার নামক মহাসাগরে সাঁতার কাটে প্রতি মুহূর্ত।
এখন আর কবিতা লেখার সময় নয়-
কবি ও কবিতা আজ নিকষ অন্ধকারে পতিত।



