রাজনীতি

বিএনপি কোনো কাপুরুষের দল না: আব্বাস

রূপসী বাংলা ডেস্ক:প্রতিহিংসার কারণে সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে নির্যাতন করছে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেছেন, ‘শুনছি এখন নাকি আবার বিএনপি নেতাকর্মীদের লিস্ট করছে। এসব লিস্ট ফিস্ট দিয়ে কাজ হবে না। বিএনপির আন্দোলনে লিস্ট বাতাসে উড়ে যাবে।’

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে সরকারবিরোধী আন্দোলনে হামলা, মামলা ও গুম-খুনের শিকার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ আর্থিক সহায়তা প্রদান করে বাংলাদেশ জাতীয়তাবাদী হেল্প সেল। তারা ছয়টি পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন। এর আগে বিগত আন্দোলনে ভূমিকা রাখতে গিয়ে পুলিশ, র‌্যাব ও সরকার দলীয় সন্ত্রাসীদের হাতে গুম-খুন-পঙ্গু হওয়া ১২৪টি পরিবারকে ৬১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা অনুদান প্রদান করে জাতীয়তাবাদী হেল্প সেল।

বিএনপি কোনো কাপুরুষের দল না এমন মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপি একজন মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল। আর এ কারণেই সরকার প্রতিহিংসায় বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তৃর্নমূল পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে নির্যাতন করছে।’

আব্বাস বলেন, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া নির্বাচন গাজীপুর-খুলনা সিটি নির্বাচনের মতো হয়ে যাবে।’

তিনি বলেন, ‘অনেকে বলেন বিএনপির নির্বাচনে যাওয়া দরকার আমিও তাদের সাথে একমত। তবে বিএনপির নির্বাচনে যাওয়া দরকার তার চেয়েও বেশি দরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা। বেগম খালেদা জিয়া ছাড়া নির্বাচন গাজীপুর-খুলনা সিটি নির্বাচনের মতো হয়ে যাবে। তাই আমি বলবো যারা নির্বাচনে যেতে চান তারা আগে বেগম খালেদা জিয়াকে মুক্তি করার ব্যবস্থা করেন। তাকে নিয়ে নির্বাচনে যাবো এবং তাতে বিএনপি বিজয়ী হবে কেউ ঠেকাতে পারবে না।’

মির্জা আব্বাস বলেন, ‘আজকে বাংলাদেশে ঘরে ঘরে স্বজনহারা মানুষের কান্নার রোল। আমরা সরকারের কাছে আহ্বান জানাই গুম হওয়া নেতাকর্মীদের ফিরিয়ে দিন। আর খুনের সাথে জড়িতদের বিচারের ব্যবস্থা করুন।’

‘জাতীয়তাবাদী হেল্প সেল বেশিদিন চলতে পারে না। হেল্প সেল বেশি দিন চালাতে হবে না যদি যারা গুম-খুন হচ্ছে তাদের চিহ্নিত করে মূল্যায়ন করি। এটা বেশিদিন চালাতে চাই না। এটা করবো গরিব মানুষের জন্য নেতাকর্মীদের জন্য নয়। দল ক্ষমতায় এলে কর্মীদের জন্য পুনর্বাসন করা হবে। বেগম খালেদা জিয়া জেল থেকে বের হয়ে আসবে এবং বিএনপি ক্ষমতায় আসবে কেউ ঠেকাতে পারবে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগের মধ্যে বিএনপি ভীতি। তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভয় পায়। আওয়ামী লীগ ভীতসন্তস্ত্র তারেক রহমান কখন দেশে চলে আসেন। আওয়ামী লীগ বিষধর সাপ। তারা মনে করে বাংলাদেশের সব মানুষ তাদের শত্রু। মানুষ তাদের শত্রু ছিল না। তাদের অপশাসন, দুর্নীতি আর লুটপাটের কারণে শত্রু হয়ে গেছে।’

গাজীপুর-খুলনার নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ‘গাজীপুর-খুলনা সিটি নির্বাচনে সরকার কারচুপি করে বিজয়ী হয়েছে। তফসিল ঘোষণার পরপর বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার হুমকি ধামকি দিয়ে এলাকা ছাড়া করেছে। বিএনপি কৌশলগত কারণে প্রতিরোধ করেনি। তবে আগামীতে প্রতিরোধ করা হবে।’

জাতীয়তাবাদী হেল্প সেলের সদস্য আরাফাতুল রহমান আপেলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহস্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনি, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক গোলাম মওলা শাহীন, ছাত্রদলের রাজিব আহসান পাপ্পু, জাতীয়তাবাদী হেল্প সেলের সম্বয়ক সুমন আহসানসহ গুম-খুন হওয়া পরিবারের সদস্যরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension