
বিশ্বের শীতলতম গ্রামে উষ্ণতম দিন
আন্তর্জাতিকভাবে স্বীকৃত পৃথিবীর সবচেয়ে শীতল গ্রামের অবস্থান রাশিয়ার দূরপ্রাচ্যের ইয়াকুতিয়া অঞ্চল বা সাখা প্রজাতন্ত্রের ওমিয়াক্রন জেলায়। অথচ বৈশ্বিক উষ্ণতার কারণে সে গ্রামের তাপমাত্রা রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এমনকি সাম্প্রতিক তাপপ্রবাহে ইয়াকুতিয়া অঞ্চলে দাবানলের ঘটনাও ঘটেছে।
এরই মধ্যে দাবানল ব্যাপক আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে সাখা প্রজাতন্ত্রের প্রধান আইসেন নিকোলাভ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে নিকোলাভ জানান, দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা ওমিয়াক্রন। জেলাটিতে ৫০০ জন লোকের বাস। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রকাশ করা হয়নি।
ইয়াকুতিয়ার স্থানীয় গণমাধ্যম বলছে, ওমিয়াক্রন গ্রামের তাপমাত্রা সোমবার (৩ জুলাই) সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এর আগের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ১৯৪৯ সালে, ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
অথচ এই ওমিয়াক্রন উত্তর গোলার্ধের শীতলতম স্থানগুলোর একটি। যেখানে ১৯৩৩ সালে রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা ধারণ করা হয়েছিল মাইনাস ৬৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
জলবায়ু পরিবর্তন ইয়াকুতিয়ার জন্য বিশেষভাবে তীব্র হুমকির সৃষ্টি করেছে। কারণ অঞ্চলটির বেশিরভাগ অবকাঠামো হিমবাহের (পারমাফর্স্ট) ওপর নির্মিত। বিশেষজ্ঞরা সতর্ক করে আসছেন, হিমবাহ গলতে থাকলে ভবিষ্যতে এ অঞ্চলে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে।
সূত্র: রাশিয়া টুডে



