
ফুটবল খেলতে গিয়ে আহত মেয়র মামদানির অস্ত্রোপচার
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানির অস্ত্রোপচার হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, ফুটবল খেলতে গিয়ে ডান পায়ের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। শুক্রবার (২৭ নভেম্বর) তার অস্ত্রোপচার করা হয়।
মেয়রের প্রেস সেক্রেটারি জো ক্যালভেলো জানান, প্রায় ৭০ মিনিট ধরে অস্ত্রোপচার চলে। এটি সফল হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ৩৫ বছর বয়সি মেয়রকে তার সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে বিশ্রামে থাকতে দেখা গেছে।
এক বিবৃতিতে ক্যালভেলো বলেন, ‘মেয়র পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।’ অস্ত্রোপচারে যুক্ত স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছে সিটি হল। তবে কোথায় অস্ত্রোপচার করা হয়েছে, সে বিষয়ে প্রশ্নের জবাব দেয়নি মেয়রের কার্যালয়।
ডেমোক্র্যাট দলের নেতা ও ফুটবলের ভক্ত মামদানি গত ১৯ নভেম্বর স্থানীয় সাংবাদিকদের বিপক্ষে একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন। মেয়রের কার্যালয় ও সিটি হলের সংবাদকর্মীদের মধ্যে ওই ম্যাচ অনুষ্ঠিত হয়। মামদানির দল ম্যাচে জয় পায় এবং তিনি একটি গোলও করেন।
পরদিন মামদানি জানান, গোল করার কিছুক্ষণ পরই তার পায়ের টেন্ডন ছিঁড়ে যায়। খেলার আগে শরীর গরম করার ব্যায়াম বা স্ট্রেচিং না করায় আক্ষেপও প্রকাশ করেন তিনি।
এরপর থেকে চিকিৎসার জন্য বিশেষ বুট পরছেন এবং ক্রাচ ব্যবহার করছেন মামদানি। তবে এর মধ্যেও দাপ্তরিক কাজ ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি।
এদিকে শুক্রবার নিউইয়র্ক সিটির দৈনন্দিন কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করেন ফার্স্ট ডেপুটি মেয়র ডিন ফুয়েলিহান।



