
ইতালিতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
বাংলাদেশ দূতাবাস, রোম যথাযথ মর্যাদার সঙ্গে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫১তম বার্ষিকী উদযাপন করেছে।
শনিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৯টায় রাষ্ট্রদূত মো. শামীম আহসান জাতীয় সংগীতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে দিনের কর্মসূচির সূচনা করেন।
সকাল ১০টায় দূতাবাসের সভাকক্ষে ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত বিশেষ অনুষ্ঠানের শুরুতেই দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হয়। এরপর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক স্বাধীনতা ও জাতীয় দিবসের ওপর নির্মিত ইতিহাসভিত্তিক একটি নৃত্যনাট্য প্রদর্শন করা হয়। প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক সংগঠন- সঞ্চারি সংগীতায়নের শিশু-কিশোরদের ধারণকৃত বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে এক নতুন মাত্রা যোগ করে।
দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে এক বিশেষ আলোচনা সভায় আমন্ত্রিত দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বন্ধুপ্রতীম বিদেশি নাগরিকবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও প্রবাসী বাংলাদেশি নাগরিকগণ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় সম্প্রতি বাংলাদেশ কর্তৃক মনোনীত সার্বিয়ায় নিযুক্ত অনারারী কনসাল জেনারেল ডেভোর ব্রেচিচ এ দিনটি উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এসময় বাংলাদেশের জাতিয় দিবসের শুভেচ্ছা প্রদান করে, তৎকালীন যুগোস্লাভিয়া পৃথিবীর অন্যতম দেশ যারা প্রথমদিকে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে এবং তিনি দীর্ঘদিন বাংলাদেশে অবস্থান করার অভিজ্ঞতা শেয়ার করেন। এছাড়া ইতালি প্রবাসী বাংলাদেশি রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচকগণ বঙ্গবন্ধুর কর্মময় গৌরবান্বিত জীবনের উপর আলোকপাত করেন এবং বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপট ও মুক্তিসংগ্রামের ইতিহাস তুলে ধরেণ।
রাষ্ট্রদূত মো. শামীম আহসান তার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তার দূরদর্শী নেতৃত্বে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ নয় মাসের স্বশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করেছিলাম।
তিনি বলেন যে, বঙ্গবন্ধু একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন ‘সোনার বাংলা’র স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরের লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, আজকের স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রাক্কালে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের মাথাপিছু আয়, অর্থনৈতিক সামাজিক সূচকের সম্মানজনক অবস্থানের কারণে আমরা গর্ববোধ করি।
এছাড়া, এ বছর আমরা ইতালি বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি বিধায় আমাদের বেশ কিছু চুক্তি স্বাক্ষর এবং নানা কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। সকলকে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে যার যার অবস্থান থেকে কাজ করার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়ার আহবান জানান।



