
শ্যামল বণিক অঞ্জন
তুমি এলে তাই ঝরে পড়ে শিউলী উচ্ছ্বাসে উল্লাসে—
মধ্য শরতের হিমেল ক্ষণে!
দীঘল তিমির বিভাবরী উদ্দীপিত আজ শুধুই তোমার বিভায়!
বহু সাধনায় খুঁজে পেলো পথিক আরাধ্য পথের দিশা,
মুছে গেল কলঙ্ক তিলক—
নিভলো চিরতরে জ্বালাময় ছাইচাপা অনল।
তুমি এলে তাই নবধারায় অবগাহণে হংস মিথুন—
বাতায়নে রঙিন প্রজাপতি সমীরণের দোলনায় দোলে,
আলোচিত আগামীর ভাবনায়!
তুমি এলে তাই বাধভাঙা জোৎস্নার রুপালী প্লাবণে ভাসে বিভাবরী
অসীম নীলাঞ্চলে অবাধ বিচরণে বর্ণালি ইচ্ছে ঘুড়ি,
দিগন্ত ছোঁয়া কাশবনে রোদেলা স্নিগ্ধ ভোরের আভাস!
তুমি এলে তাই কাঙ্ক্ষিত হলো ব্রাত্য পায়েল,
রুমঝুম ঝঙ্কারে মোহিত স্তব্ধ জলসা ঘর…
নিষিদ্ধ আঙিনায় ফিরে যাবার বাসনায় বিভোর
আবারো যুগ যুগান্তের সংস্কারবাদীরাও।



