
ফিলাডেলফিয়ায় গুলিতে নিহত বাংলাদেশি মাহফুজুল হক
ডোরড্যাশে খাবার ডেলিভারির সময় হামলা, রাজশাহীর এই প্রবাসীর মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া
শাহ্ জে. চৌধুরী :
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশের রাজশাহীর সন্তান ও নর্থইস্ট ফিলাডেলফিয়ার বাসিন্দা মো. মাহফুজুল হক (৪৩)। ডোরড্যাশে খাবার ডেলিভারির কাজ করার সময় দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে তার মৃত্যু হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য ও স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লকে মাহফুজুল হককে মাথার পেছনে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে তার চালু অবস্থায় থাকা গাড়ি, একটি ডোরড্যাশ ডেলিভারি ব্যাগ এবং রাইফেলের ব্যবহৃত দুটি খোসা উদ্ধারের কথা জানা গেছে। প্রাথমিক তদন্তে পুলিশ ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করছে। এ ঘটনায় মুখোশধারী তিনজনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে।
নিহত মাহফুজুল হক দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। তিনি পূর্বে আল-শাম উইলো গ্রোভের একজন কর্মচারী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী এক সন্তান রেখে গেছেন।
একজন কর্মঠ ও পরিশ্রমী প্রবাসী বাংলাদেশির এমন আকস্মিক মৃত্যুতে ফিলাডেলফিয়ার বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজন, বন্ধু ও কমিউনিটির সদস্যরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মো. মাহফুজুল হকের পরিবারের প্রতি গভীর সমবেদনা।
প্রতিবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযোজন করা হবে।



