বাংলাদেশ

২৪ ঘণ্টার অবিশ্বাস্য তদন্ত, সুনির্দিষ্ট প্রতিবেদন চাইলেন হাইকোর্ট

মানিকগঞ্জের একটি হত্যা মামলা ২৪ ঘণ্টার অবিশ্বাস্য তদন্তকে বাস্তবসম্মত নয় এবং এ তদন্তে আইনি বিধান অনুসরণ করা হয়নি বলে হাইকোর্টকে জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন -পিবিআিই’র ঢাকা জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা। কিন্তু পিবিআই কর্মকর্তার এমন মূল্যায়ন গ্রহণ করেননি হাইকোর্ট। অবিশ্বাস্য এ তদন্তে আইনি ব্যত্যয়-অনিয়ম, তদন্তকারী কর্মকর্তার অবস্থান-ভূমিকা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে ফের প্রতিবেদন দিতে বলা হয়েছে। আগামী ২৫ জুলাই আদেশের তারিখ রেখে এ সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন আদালত।

হত্যা মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দেখে মঙ্গলবার এ আদেশ দেন বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চ। আদালতে পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদার প্রতিবেদনটি উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পি। আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মো. শিশির মনির।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পি কালের কণ্ঠকে বলেন, আদালতে যে অধিকতর তদন্তের প্রতিবেদনটি উপস্তাপন করা হয়েছে, সেখানে ২৪ ঘণ্টার তদন্ত নিয়ে বর্তমান তদন্তকারী কর্মকর্তা অর্থাৎ পিবিআই’র পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা কিছু মূল্যায়ন তুলে ধরেছেন।

কিন্তু আদালত পুলিশ কর্মকর্তার মূল্যায়নে সন্তুষ্ট হতে পারেননি। যে কারণে কতগুলো বিষয় সুনির্দিষ্টভাবে উল্লেখ করে আগামী ২৫ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন। সেটি দেখে আদালত আদেশ দিবেন।
গত বছরের ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে মানিকগঞ্জ সদরের কৈতরা গ্রামের একটি হ্যাচারিতে খুন হন মো. রুবেল (২২)।

পরদিন নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে সোহেল নামের একজনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত সম্পন্ন করেন মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক মাসুদুর রহমান। পরে ৪২ ঘণ্টার মধ্যে আদালতে অভিযোগপত্র দেন। অবিশ্বাস্য এ তদন্ত কাজ নিয়ে গত ২ মার্ট প্রতিবেদন করে একটি জাতীয় দৈনিক।
প্রতিবেদনটি যুক্ত করে মামলার আসামি সোহেল ওরফে নুরুন্নবী ও বাদী চম্পা আক্তার ওরফে অঞ্জনা গত ৫ মার্চ হাইকোর্টে রিভিশন আবেদন করেন।

সোহেল ও চম্পা সম্পর্কে খালাত ভাইবোন। আর নিহত রুবেল সোহেলের ভগ্নিপতি। আবেদনে মামলার নথি তলবের নির্দেশনা চাওয়া হয়। সে আবেদনের শুনানির পর গত ১৫ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমানকে তলব করেন হাইকোর্ট। নির্দেশ অনুযায়ী গত ৩ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা আদালতে হাজির হলে শুনানির পর আদেশ দেন উচ্চ আদালত।
আদেশে তদন্তকারী কর্মকর্তা মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন হাইকোর্ট। সেই সঙ্গে পদমর্যাদা পুলিশ সুপারের নিচে নয় এমন কর্মকর্তাকে দিয়ে মামলাটি পুনতদন্ত করাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন -পিবিআই প্রধানকে নির্দেশ দেন আদালত। ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়। এ ছাড়া মানিকগঞ্জের দায়রা জজ আদালতে এ মামলার বিচারকাজ স্থাগিত রাখতেও নির্দেশ দেন হাইকোর্ট।

এ আদেশের পর মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মাকসুদুর রহমানকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে গত ৬ এপ্রিল চেম্বার আদালত বরখাস্তের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন।

গত ৫ জুন মামলার পুনঃতদন্তের অগ্রগতির শুনানিতে তদন্ত প্রতিবেদন দাখিলে রাষ্ট্রপক্ষ ৯০ দিন সময় চাইলে আদালত ১৭ জুলাই পর্যন্ত সময় দেন। সে অনুযায়ী পিবিআই কর্মকর্তা অধিকতর বা পুন তদন্তের প্রতিবেদন দাখিল করলে মঙ্গলবার তা আদালতে উপস্থাপন করা হয়।

জবানবন্দি রেকর্ডের সময় বাস্তবসম্মত নয় পিবিআিই’র ঢাকা জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদার প্রতিবেদনে অবিশ্বাস্য তদন্তের তদন্তকারী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের পেশাগত বৃত্তান্ত তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, মাসুদুর রহমান ২০০২ সালের ৩১ জানুয়ারি বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগ দেন। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তিনি পদোন্নতি পেয়ে উপপরিদর্শক (এসআই) হন। যোগ দেন এন্টিটেরোরিজম ইউনিটে। গত বছর ৯ আগস্ট বদলি সূত্রে তিনি মানিকগঞ্জ থানায় আসেন। এর পরের মাসে এই হত্যা মামলার তদন্তভার দেওয়া হয় তাকে। হত্যা মামলায় এটিই ছিল তার প্রথম তদন্তকাজ।

এসআই মাসুদুর রহমানের বক্তব্য শোনর পাশাপাশি কেস ডকেট পর্যালোচনার কথা উল্লেখ করে প্রতিবেদনে আরো বলা হয়েছে, মামলাটি তদন্তে আইনের প্রসঙ্গিক বিধানগুলো যথাযথভাবে অনুসরণ করেননি এবং তদন্ত কার্যাক্রম সঠিকভাবে কেস ডায়রিতে লিপিবদ্ধ করেননি।

মামলাটি অত্যন্ত দ্রুততার সঙ্গে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত করা হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে আরো বলা হয়েছে, ফৌজদারি কার্যাবিধির ১৬৪ ধারায় আসামির জবানবন্দি রেকর্ডের জন্য যে সময় আদালতে উপস্থাপন করেছেন, ঠিক সে সময় তিনি আবার ঘটনাস্থলে সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করেছেন। আসামি ও সাক্ষীদের জবানবন্দি রেকর্ডের সময় একই দেখানো হয়েছে, যা বাস্তবসম্মত নয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension