
সময়ের হাত ধরে বয়ে যায় নিগুঢ় সময়
আমার দৃষ্টির পথে পর্দা তুলেছে রহস্যময়ী;
আমার একটি দিন কাহারো মূহুর্ত মনে হয়
হয়তো হেরেছি আমি, কিন্তু তোমায় করেছি জয়ী।
অনেক আকাশ নীল, অনেক আবার জ্যোতির্ময়
আমি এই পৃথিবীতে হয়তো অনেকে বহুদূর;
পাহাড়ের বুকে মিশে বহু পাহাড় হয়েছে ক্ষয়
সমুদ্রের নীল জলে শত স্বপ্ন হয়েছে ভঙ্গুর।
একটি গোলাপ ফুল তার অধরের মতো লাল
একটি পাখির গানে বাজে তাঁহার শাশ্বত সুর;
জ্ঞানের গভীর ঘরে জন্ম নিয়েছে তারিখ-সাল
একদিন মহাকাল ছিল শূন্যতায় ভরপুর।
বৃহৎ বিস্ফোরণের আলো জ্বেলেছিল সম্ভাবনা
মূহুর্তের ঝলকানি, তবু রয়ে গেছে গতিশীল;
বিশৃঙ্খল মহালোকে শৃঙ্খলা এনেছে ঐশী কণা
দেখেছি তাহার চোখে শুধু আকাশের মতো নীল।
আমরা কোথায় যাবো—দেখি নিয়তির হাতছানি
সময়ের ভিন্ন গতি গড়েছে ভিন্ন ঘড়ির কাঁটা;
হয়তো জানি না কিছু, হয়তো অনেক কিছু জানি
আমার নিয়তি যেন ঘন অন্ধকারে পথ হাঁটা!



