
হতে পারে আমি আর চাবো না
তোমার ভালোবাসা!
দেখ, নদী কেমন থেমে গেছে
আকাশ আর কাঁদে না আকাশ পাড়ে
যেটুকু রঙের ছড়াছড়ি
তাকে আর রাঙায় না বিভ্রান্তির কামনার জলছবি।
এখন অন্য সময়, বড় দুঃসময়
বুঝে নেবার ক্রান্তিহীনতার এক অয়োময়।
কেন কেঁদেছিল নাক মুখ খিঁচিয়ে রাস্তার উলঙ্গ শিশুটি
কেন মেয়েটির বদ্ধ কারাগারে তবুও শিকল বেদী
যুবকের হাতে তবুও কেন ওঠেনি অন্যায়ের তলোয়ার
বৃদ্ধের কান্নায়ও কাঁদে না উড়ন্ত সুখের ঝাঁক
স্থবির নিরবতায় নিয়মের গতিময়তায়
নতুনের নতুন বানে
আবারো আসুক তবে নদীর কলতান
হিমেল বাতাসে উঠুক ঝড়
মেঘেদের ভিড়ে রঙের বাহারে ফুটুক ফুল
আবারো শুরু হোক জীবন নদী খেলা
তখন হয়ত তোমার কাছে চেয়ে নিবো
আমার লালিত সব ভালোবাসার রঙগুলো।



