
সারমিন চৌধুরী
পিছনে তাকিয়ে দেখতে পাই
এক ধূসর বিবর্ণ অতীত বৃক্ষের ন্যায় দাঁড়িয়ে
যার খোলস ভুলের আচ্ছাদনে ঘেরা
শুষ্ক মরুভূমির মত অনুর্বর এ বর্তমান।
এটা যেন আমারই দু’হাতের অর্জিত ফল,
হুট করে এক পশলাবৃষ্টি যাদুবলে শস্য ফলায় না,
স্রষ্টা কাউকে দৈববলে দান করেনা সুখসমৃদ্ধি;
প্রচন্ড কষ্টার্জিত পৃথিবীর প্রতিটি সাফল্য।
ব্যর্থতার মোড়কে ঘেরা আমার এই বর্তমান,
হে প্রভু! আরেকটা সুযোগ দিবে কি?
বিচিত্র ধরণীতে নিজেকে পুনর্জীবিত করে,
অশ্রুজলে মরুভূমিকে সবুজে সাজানোর।



